২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরে শ্রমিক ইউনিয়ন অফিসে কোস্ট গার্ডের অভিযান, জুয়া খেলার অভিযোগে ৩০ শ্রমিক আটক, নির্যাতনের অভিযোগ

মংলা বন্দর স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থিত বন্দর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে জুয়া খেলার অভিযোগে কোস্ট গার্ডের সদস্যরা ৩০ জন শ্রমিক আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

অবশ্য পরে বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে মংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে।

আটকের পর ছাড়া পাওয়া শ্রমিকদের অভিযোগ, কোস্ট গার্ড সদস্যরা তাদের ওপর শারিরীক নির্যাতন চালিয়েছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু তাহের ঘটনাটিকে ‘কোস্টগার্ডের এখতিয়ার বহির্ভুত এবং বাড়াবাড়ি’ বলে অভিহিত করেছেন।

তবে কোস্টগার্ড কর্তৃপক্ষ তাদের পদক্ষেপকে সঠিক বলে দাবি করেছে। তারা বলেছে, বিষয়টি ‘বন্দর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাথে সম্পৃক্ত।

শ্রমিকরা জুয়া খেলার কথা অস্বীকার করে বলেছে যে, তাদের মধ্যে কয়েক জন তাস খেলছিল। অন্যরা টিভি দেখা বা গল্প করা নিয়ে ব্যস্ত ছিল। রাত ১০ টা নাগাদ কোস্টগার্ড সেখানে অভিযান চালিয়ে উপস্থিত সবাইকে ধরে নিয়ে আসে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু তাহের এ প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, ইউনিয়ন অফিসে যদি আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ হয়ে থাকে, তবে তা দেখার জন্য পুলিশ ও র‌্যাব রয়েছে। কোস্টগার্ড তাদের এখতিয়ার বহির্ভুত কাজ করেছে। এটা তাদের বাড়াবাড়ি।

কোস্টগার্ডের মংলার জোনাল কমাণ্ডার এমএ মতিন শ্রমিকদের আটক করার কথা স্বীকার করে বলেন, তারা ওই ঘরে জুয়া খেলছিল। তাদের হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল কোস্টগার্ডের ক্যাম্প সংলগ্ন এবং বিষয়টি বন্দর এলাকার আইন শৃঙ্খরা পরিস্থিতির সাথে সম্পৃক্ত। এ কারনেই হস্তক্ষেপ করা হয়েছে।

শারিরীক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আটকের পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।