২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নটবর সিংয়ের ঢাকা সফরের ব্যাপারে আশাবাদী ভারতীয় গণমাধ্যম

আগামী সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংয়ের ঢাকা সফরের ব্যাপারে সেদেশের সংবাদমাধ্যমগুলোতে আশাবাদ ব্যক্ত করে খবরাখবর প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর তিনদিনব্যাপী ঢাকা সফর নিয়ে টেলিগ্রাফের বৃহস্পতিবারের সংখ্যায় বলা হয়েছে, এ সফরে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর সুরাহা নিয়ে আলোচনা করা হবে। এতে বলা হয়, দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আগ্রহী। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সরকারকে এ ব্যাপারে আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে ঢাকা পাঠানো সিদ্ধান্ত নিয়েছেন।

ওই পত্রিকা আরও জানায়, নটবর সিংয়ের সফরকালে যেসব বিষয় আলোকপাত করা হবে তা হলো, বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক ভারত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী। অন্যদিকে, আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে অংশগ্রহণের ব্যাপারেও দিল্লি তাদের আগ্রহের কথা জানাবে।

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় বসার পর সেদেশের কোনও মন্ত্রীর এটিই হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর।

গত বছরের মে মাসে ভারতের ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদানের পর এটাই হবে নটবর সিংয়ের প্রথম বাংলাদেশ সফর।

তিনি আগামী মাসের ৬ তারিখে ঢাকায় পৌঁছবেন এবং ৮ আগস্ট দিল্লির উদ্দেশ্য রওনা দেবেন।

টেলিগ্রাফ পত্রিকা আরও জানায়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে নটবর সিং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে একটি চিঠি নিয়ে আসবেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

এ সফরকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের যৌথ কমিশনের বৈঠকে বসবেন না বলে পত্রিকাটি জানায়। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এ কমিশনের কো-চেয়ার।

ওই পত্রিকা আরও জানায়, সফরকালে নটবর সিং দ্বিপক্ষীয় বাণিজ্য, বাংলাদেশে ভারতের উত্তরপূর্ব বিদ্রোহীদের উপস্থিতি এবং ভারতে অবৈধ অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান এবং বিরোধী দলীয় প্রধান শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারেন।

অন্যদিকে, বার্তা সংস্থা আইএএনএস’র রিপোর্টে জানা যায়, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফরকালে সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ এবং বাংলাদেশে সন্ত্রাসবাদের তৎপরতার মতো ইস্যুগুলো মূল আলোচ্য সূচিতে সবচেয়ে বেশি প্রধান্য পাবে।

পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মূখপাত্র নভোতেজ সর্ণা বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান শুধুমাত্র এই দুইদেশের জন্যই নয়, বরং সমস্ত অঞ্চলেল জন্যই উদ্বেগের বিষয়। এর আগে বাংলাদেশ সরকারের সাথে আমরা এই ইস্যু নিয়ে আলোচনা করেছি।

তিনি আরও বলেন,বাংলাদেশের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এ সপরকালে দ্বিপক্ষীয় সকল ইস্যু নিয়েই আলোচনা করা হবে।

নটবর সিংয়ের পর সেপ্টেম্বরে ভারতীয় বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং অক্টোবরে যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাসমুন্সির ঢাকা সফরের কথা রয়েছে।

দৈনিক হিন্দু বৃহস্পতিবার জানায়, ভারত নটবর সিংয়ের আসন্ন সফরে সন্ত্রাস এবং উভয় দেশ ও অঞ্চলের জন্য উদ্বেগজনক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মূখপাত্র জানান, বাংলাদেশের সাথে ভারতের বড় মাপের আলোচ্যসূচি রয়েছে। যাতে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সকল ইস্যু রয়েছে।