কক্সবাজারে রাজহাঁস হত্যার দায়ে ১১ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী গ্রামে বুধবার মধ্যরাতে গুলি করে ৪টি গৃহপালিত রাজহাঁস হত্যার দায়ে ১১ জনকে আসামী করে কক্সবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজহাঁস চারটির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ হাঁস গুলোর ময়নাতদন্ত সম্পন্ন করেছে। শুক্রবার সকালে হাঁস গুলোর মালিকের বাড়িতে কবরস্থ করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কক্সবাজার থানায় এযাবতকালে পশু বা পাখি হত্যার দায়ে এটি একমাত্র হত্যা মামলা।
রাজহাঁসগুলোর মালিক নুরুল হক কয়েক বছর ধরে শখ করে এগুলো লালন পালন করে আসছিলেন। গত ২৭ জুলাই বুধবার গভীর রাতে একই এলাকার মন্জুরুল ইসলামের পুত্র হারুনুর রশিদের নেতৃত্বে ১০/১১ জন দুর্বৃত্ত বসতভিটায় অনাধিকার প্রবেশ করে ৪টি রাজহাঁসই গুলি করে হত্যা করে। পরদিন সকালে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে এ খবর পৌঁছলে এসআই বশির উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাজহাঁসের ৪টি মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার থানায় নিয়ে আসে। এ ঘটনায় হাঁসের মালিক নুরুল হক বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে হারুনুর রশিদকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এতে আসামীদের মধ্যে ৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলাটি ককসবাজার থানার এসআই মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
