২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের নতুন তিনটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রী ভর্তি চলছে

দেশে নতুন প্রতিষ্ঠিত তিনটি সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে চলতি শিক্ষা বছর থেকে চার বছর মেয়াদী কোর্সে ছাত্রী ভর্তি শুরু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

২৮ জুলাই থেকে ২৮ আগষ্ট পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি ফরম বিতরণ এবং গ্রহণ করা হবে। ক্লাস শুরু হবে আগামী ১৭ অক্টোবর।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে এ তিনটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ করা হয়েছে। তিনটি ইনস্টিটিউটে ১৬০ জন করে মোট ৪৮০ জন ছাত্রী এবছর ভর্তির সুযোগ পাবে। ভর্তি পরীক্ষা সরকারি অন্য পলিকেনিক ইনস্টিটিউটগুলোর আদলে অনুষ্ঠিত হবে।

তিনটি ইনস্টিটিউটে চার বছর মেয়াদী কম্পিউটার, ইলেকট্রনিক্স ও আর্কিটেকচার এন্ড ইনটেরিয়র ডিজাইন টেকনোলজি বিভাগ চালু করা হয়েছে। এছাড়া খুলনায় এনভায়রনমেন্টাল, রাজশাহীতে ইলেকট্রো মেডিক্যাল ও চ্ট্টগ্রাম ইনস্টিটিউটে গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি বিভাগে পড়ার সুযোগ রয়েছে। প্রত্যেক ইনস্টিটিউটে প্রতি বিভাগে ৪০ টি করে আসন চালু করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে প্রত্যেকটি ইনস্টিটিউটে ১০০ শয্যার ছাত্রী নিবাস তৈরি করা হয়েছে। বিভাগীয় সদরে তিনটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় মহিলাদের পৃথকভাবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম এবছর শুরু করা হল। এ নিয়ে দেশে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট সংখ্যা দাঁড়ালো ৩৭ টি।