২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় কারাগারে ১০ দিনে ৩ মাদকাসক্তের মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত ১০ দিনে বিনা চিকিৎসায় তিনজন মাদকাসক্ত হাজতীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দুজনের মৃত্যু হয়েছে কারাগারের অভ্যন্তরে এবং অপর একজনকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদের মধ্যে কফিল উদ্দিন (১৮৩৯/এ)-এর মৃত্যু হয়েছে ২৬ জুলাই। সংকটাপন্ন অবস্থায় তাকে জেল ডাক্তার ওই দিন সকাল ৮টায় জেল থেকে বের করলেও দুপুর ১২টার দিকে বারডেম হাসপাতালের পরিবর্তে পিজি হাসপাতালে নেওয়া হয় বলে জেল সূত্র অভিযোগ করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার পিতার নাম বশির উদ্দিন।

মাদকের ছোবলে ১৮ জুলাই জেল হাসপাতালেই মারা যায় নাছির (২৩২৬৩/০৫)। তার পিতার নাম ছেকান আলী। অপর হাজতি আতিয়ারও মাদকাসক্ত হয়ে (২১৯১৯/০৫) জেলের ভেতরেই মারা যায় ১৫ জুলাই। তার পিতার নাম মাইনুদ্দিন।

জেল সূত্র জানায়, কারাগারের ভেতর মাদকের সহজলভ্যতার কারণে অনেক কয়েদি এবং হাজতি মাদকাসক্ত হয়ে পড়েছে।

কারা কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে জেলের ভেতর দীর্ঘদিন ধরেই মাদকের এ রমরমা ব্যবসা চলে আসছে বলে সূত্র জানায়।

সূত্র অভিযোগ করে, মূলত হেরোইন, গাঁজা এবং ফেনসিডিলের অবাধ বাণিজ্য চলছে দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার বলে পরিচিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

অন্য একটি সূত্র জানায়, এ ব্যবসার সাথে ঢাকা জেলের উর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কখনও কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। উপরন্তু, ঘটনা প্রকাশ পেলে নিম্নপদস্থ কারারক্ষীদের সাজা দিয়েই ঘটনা আড়াল করার চেষ্টা করেন জড়িত উর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, গত ১৬ জুলাই জেল থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কোনও তদন্ত কমিটি এখনও গঠন করা হয়নি বলে কারা সূত্র দাবি করে। যদিও এ ঘটনায় চারজন কারা পুলিশকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সূত্র আরও অভিযোগ করে, ঘটনার সাথে জড়িত উর্ধ্বতন কর্মকর্তাদের রক্ষা করার জন্যেই বলির পাঠা করা হয়েছে নিম্ন পর্যায়ের কর্মচারিদের।

সূত্র মতে, জেল বিধান অনুযায়ী কোন হাজতি বা কয়েদি কারাগার থেকে পালিয়ে গেলে বা হারিয়ে গেলে তা পুলিশ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়।

কিন্তু ১৬ তারিখ কারাগার থেকে উত্তরা থানার একটি হত্যা মামলার আসামি নারায়নগঞ্জের আসলাম পালিয়ে যাওয়ার পর তা রহস্যজনকভাবে পাঁচদিন গোপন করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে তা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

এদিকে, ২৬ জুলাই মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়ে কারাগারের ভেতর সংঘটিত সংঘর্ষে আহত ছয়জন হাজতির অবস্থা উন্নতির দিকে বলে কারা হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়।

সংঘর্ষে আমজাদ, জব্বার, নজরুল ইসলাম, বাবু, আল আমীন এবং সিরাজ বেপারি নামে ছয়জন হাজতি আহত হয়।