কেন্দ্রীয় কারাগারে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৬
মাদক ব্যবসা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদিদের দুই গ্রুপের সংর্ঘষে ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলো-আমজাদ (২২২৮০/০২), জব্বার (১৬২০৬/৯৮), নজরুল ইসলাম (৯২২৫/০৪), বাবু (২৭৩৩৫/০৫), আল আমীন (২৪২৮৩/০৩) এবং সিরাজ বেপারি (৫৫৭০/এ)।
ছুরকাঘাতে আহত কয়েদিদের কারাগার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারাগার সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কারা অভ্যন্তরে মাদক ব্যবসার কর্তত্ব প্রতিষ্ঠা নিয়ে সুইডেন আসলাম ও কালা জাহাঙ্গীর গ্রুপের মধ্যে বাত-বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে সুইডেন আসলাম গ্রুপ কালা জাহাঙ্গীর গ্রুপের ওপর চড়াও হয়ে ধারালো ব্লেড দিয়ে নির্বিচারে আঘাত করতে থাকে। এসময় ছয়জন আহত হয়।
হামলাকারিরা কালা জাহাঙ্গীর গ্রুপের সদস্যদের হত্যার উদ্দেশ্যে তাদের গাল, ঘাড় ও পিঠে আঘাত করে। কিন্তু কারাপুলিশ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেয়।
সূত্র আরও জানায়, জুলাইয়ের ১৬ তারিখ কারা অভ্যন্তরে মাদক ব্যবসায় কর্তত্ব প্রতিষ্ঠা নিয়ে এক কয়েদি বিপক্ষ গ্রুপের বেদম প্রহারের শিকার হয়ে কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিন্তু কারা কর্তৃপক্ষ জানায়, ওই কয়েদি গুরুতর রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
অন্যদিকে, জেল থেকে কয়েদি পালিয়ে যাওয়ায় কারা কর্তৃপক্ষ চার কারা পুলিশকে বরখাস্ত করেছে।
সূত্র জানায়, পালিয়ে যাওয়া সন্ত্রাসীর নাম আসলাম। তার নামে উত্তরায় একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। জুলাইয়ের ১৬ তারিখ কারাগারের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে জেল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সে অন্য দেশে পাড়ি জমায়।
সূত্র আরও জানায়, কিন্তু আসলাম নিখোঁজ হওয়ার একদিন পর কারা কর্তৃপক্ষ ঘটনা জানতে পারে।
