সিঅ্যান্ডডি কমিটি আফতাবের ঢাবিতে যোগদানের বিরুদ্ধে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিঅ্যান্ডডি) কমিটি বুধবার কর্তৃপক্ষের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফতাব উদ্দিন আহমাদের বিভাগে যোগদানের বিরুদ্ধে তাদের সুপারিশ পেশ করেছে।
কমিটি বুধবার এক বৈঠক শেষে জানায়, বিভাগে মিথ্যা তথ্য দেওয়ায় আফতাব আহমাদ রাষ্ট্র বিজ্ঞান বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার দাবির বৈধতা হারিয়েছেন।
পরবর্তী সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক আফতাবের ভাগ্য নির্ধারণ করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতির পর অধ্যাপক আফতাব ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তার পুরনো পদে যোগ দিতে আসেন। কিন্তু বিভাগে ভুল তথ্য দেওযায় অভিযোগে বিএনপিপন্থী সাদা ও আওয়ামী লীগপন্থী নীল প্যানেলের শিক্ষকরা তার যোগদানের বিরোধিতা করেন।
তারা জানান, অধ্যাপক আফতাব ডেপুটেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেওয়ার আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছেড়ে ঢাবি’র ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে যোগ দিয়েছিলেন। তাই, তাকে পুরনো বিভাগে যোগ দিতে দেওয়া ঠিক হবে না।
অধ্যাপক আফতাব ২০০৩ সালের ৫ জুলাই ডেপুটেশনে চার বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিয়েছিলেন। কিন্তু গত বুধবার সরকার তার নিয়োগ বাতিল করে এবং তিনি নির্ধারিত মেয়াদের আগেই চাকরিচ্যুত হন। ২৩ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা আফতাব আহমাদ যাতে বিভাগে যোগ দিতে না পারেন, সেজন্যে উপাচার্যকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। পরবর্তীতে উপাচার্য বিষয়টি সিঅ্যান্ডডি কমিটিতে স্থানান্তর করেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একেএম শহিদুল্লাহ বিডিনিউজকে বলেন, ড. আফতাব ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে যোগ দেওয়ার জন্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছেড়ে গিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে তিনি বিভাগকে কিছুই জানাননি।
