বান্দরবানে অস্ত্রসহ ২ বিদেশী গেরিলা আটক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির আলেক্ষ্যং এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে বিডিআর সদস্যরা আবারো এম ১৬ রাইফেলসহ দুজন বিদেশী গেরিলাকে আটক করেছে।
বিডিআর সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি বিডিআর জোন কমান্ডার লে. কর্নেল আবদুল আউয়াল বীর প্রতীকের নেতৃত্বে বিডিআর সদস্যরা মঙ্গলবার রাতে উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে আলেক্ষ্যং এলাকার গভীর জঙ্গল ঘিরে ফেলে।
রাতভর তল্লাশীর পর বুধবার ভোরে বিডিআর একটি পরিত্যক্ত আস্তানায় অবস্থানকারী থুই ঝ এবং উ সা নু নামে দুজন বিদেশিকে ধরে ফেলে। সংশ্লিষ্টদের ধারনা, আটককৃতরা মায়ানমারের কোনো গেরিলা গ্রুপের সদস্য।
আটককৃদের দেওয়া তথ্য অনুযায়ী, আস্তানার মেঝের মাটি খুঁড়ে ২৬ রাউন্ড বুলেটসহ একটি এম ১৬ রাইফেল, ২৫ রাউন্ড বুলেটসহ একটি থ্রি নট থ্রি রাইফেল এবং গোপন কাগজ পত্র উদ্ধার করা হয়।
গত ১৬ জুলাই থেকে একই এলাকায় তিনদফা অভিযান চালিয়ে এ পর্যন্ত ছয়টি একে ৪৭ রাইফেল, একটি এম ১৬ রাইফেল, ৪০টি স্থল মাইন এবং বিভিন্ন অস্ত্রে ব্যবহারযোগ্য দেড় হাজার রাউন্ড বুলেটসহ তিন ব্যক্তিকে আটক করা হলো।
নাইক্ষ্যংছড়ি থেকে পাওয়া খবরে জানা যায়, বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী বাইশারী, ত¤ব্রু, আলেক্ষ্যং, চাকঢালা এবং সংলগ্ন এলাকাসমুহে এখনো বেশ কিছু বিদেশী সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে।
৭০ এর দশক থেকে এসব গেরিলা গ্রুপ জনমানবহীন দুর্গম অরণ্যবেষ্টিত বিশাল সীমান্ত এলাকায় তাদের নিরাপদ ঘাঁটি গেড়ে বসে। তবে সরকারি সূত্রে বাংলাদেশ ভূ খণ্ডে বিদেশি গেরিলাদের অবস্থানের বিষয়টি বরাবরই অস্বীকার করা হয়।
বান্দরবান সেনা রিজিয়ন সদর দফতরের একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, সীমান্তের ওপারে মায়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর পেতে রাখা স্থল মাইনের কারণে বাংলাদেশ মায়ানমার সীমান্ত জরীপ এখনও সম্পন্ন করা যায়নি। ফলে সীমান্তের ওপর পুরোপুরি নজরদারি সম্ভব হচ্ছেনা।
তিনি বলেন, এসব সমস্যা বিবেচনা করে নাইক্ষ্যংছড়ি এলাকায় বিডিআর সদস্য সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি অঞ্চলে সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারের জন্যে জুন মাসের শুরু থেকেই সেখানে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে।
