২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের আত্মসমর্পণ, অন্তর্বর্তী জামিন মঞ্জুর

আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দায়ের করা মানহানি মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সম্পাদক ইনায়েতুর রহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বুধবার তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি এম ফজলুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ তার এ আবেদন মঞ্জুর করেন এবং কেন তাকে নিয়মিত জামিন দেয়া হবে না, এ বিষয়ে সরকারের প্রতি একটি রুল জারি করেন।

ইনায়েতুর রহিমের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার আমির-উল ইসলাম। সরকারি আইনজীবী তার এ আবেদনের বিরোধিতা করেন।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দায়ের করা মানহানি মামলায় একটি ম্যাজিস্ট্রেট কোর্ট মঙ্গলবার ইনায়েতুর রহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আশির দশকের একটি ডাবল মার্ডার ঘটনায় সামরিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে ক্ষমা ঘোষণার ঘটনায় মওদুদকে জড়িয়ে এনায়েতুর রহিম বিবৃতি দেন এবং কয়েকটি সংবাদপত্রে তা প্রকাশিতও হয়। ঝিন্টু বর্তমানে বিএনপির সুইডেন শাখার সভাপতি।