সাংবাদিক বালু হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার আদালত পরিবর্তন
খুলনা প্রেস ক্লাব সভাপতি ও স্থানীয় দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবির বালু হত্যাকাণ্ডের বিস্ফোরক অংশের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে বুধবার সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, এ মামলায় গ্রেফতারকৃত দুজন প্রকৃত আসামি কিনা, পুলিশ তার প্রতিবেদন দিতে দেরি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সাংবাদিক বালু হত্যাকাণ্ডের বিস্ফোরক অংশের আসামি নজু ওরফে খোড়া নজু এবং জাহিদ ওরফে সবুজ ওরফে এস এম জাহিদুল ইসলাম এ মামলার প্রকৃত আসামি কিনা, এ মর্মে সিনিয়র স্পেশাল জজের নির্দেশক্রমে সিআইডি অথবা কেএমপি প্রতিবেদন দাখিল করেনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা প্রাপ্তির পর নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে।
কিন্তু ফৌজদারি কার্যবিধিতে এবং সিআইডি বা কেএমপি মতে, সংশ্লিষ্ট প্রতিবেদন প্রাপ্তির পর বিচার কাজ শুরু করতে গেলে দীর্ঘ সময় লাগবে বলে সূত্র জানায়। সেইসাথে পলাতক আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি জারিসহ অন্যান্য আইনী শর্ত পূরণের জন্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে সিনিয়র জজ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ২৫ জুলাই সিনিয়র জজ আদালত থেকে বিস্ফোরক মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
