পিরোজপুরে স্বামী-স্ত্রী হত্যার দায়ে পিতাপুত্রসহ ৩ জনের যাবজ্জীবন
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের মিজানুর রহমান বাবুল এবং তার স্ত্রী জেসমিন বেগমকে হত্যার দায়ে আসামি আব্দুল কাদের সরদারকে ডাবল যাবজ্জীবন এবং তার ছেলে ফোরকান সরদার ও ভাতিজা সহীদ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।
বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন বুধবার দুপুরে এ জোড়া খুনের মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া স্বাক্ষ্যপ্রমাণ শেষে অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৮ এপ্রিল রাত ১টার দিকে সাজাপ্রাপ্ত আসামিরা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত অবস্থায় মিজানুর রহমান বাবুল এবং জেসমিনকে গুলি করে হত্যা করে।
এ ব্যাপারে জেসমিনের ভাই মনিরুজ্জামান সরদার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হলে তদন্তকারী কর্মকর্তা ফজলুল করিম সাত জনের বিরুদ্ধে গত বছরের ২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।
