আগস্ট থেকে হাইওয়ে পুলিশকে যানবাহনের ডাটাবেজ ইন্টারনেটে কানেকশন দেবে বিআরটিএ
আগামী আগস্ট মাস থেকে সারা দেশে হাইওয়ে পুলিশের নিকট যানবাহনের ডাটাবেজ তথ্য ইন্টারনেটে কানেকশন দেবে বিআরটিএ।
যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুরনো মেয়াদ ঊত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ, ডাকাতি ও রাহাজানি বন্ধ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে যানবাহনের ভুয়া ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ট্যাক্স, টোকেন ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সত্যতা যাচাই ও সনাক্তকরণের জন্য বিআরটিএ তৈরিকৃত সকল প্রকার যানবাহনের কম্পিউটারাইজড ডাটাবেজ তথ্য ইন্টারনেটের মাধ্যমে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষের নিকট দেশব্যাপী সংযুক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হেয়ছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সভায় সভাপতিত্ব করেন।
সভায় আধুনিক সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষার জন্য ওভারলোডেড ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অংশে জরুরী ভিত্তিতে উনিশটি ওয়েং মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সড়ক ও রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ এবং অবৈধ স্থাপনা অপসারণে ক্রিমিনাল ট্রেসপাস মামলা দায়েরের বিষয়ে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী সড়ক ও মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি, নসিমন, করিমন এবং এজাতীয় যানবাহন চলাচল নিষিদ্ধকরণে আগের সিদ্ধান্ত কার্যকর করার জন্য হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান এমপি, যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান ড. এম.এ মোমেন, ছয় বিভাগীয় কমিশনার, অতিরিক্ত কমিশনার, পুলিশের ডিআইজবৃন্দ, পুলিশ কমিশনারবৃন্দ, হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ, ডিএমপি, ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
