আগামী বছরের মধ্যে সীমান্তে বেড়া দেয়ার কাজ সম্পন্ন হবে: পাতিল
সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে বাংলাদেশের সাথে দীর্ঘ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আগামী বছর নাগাদ শেষ হবে।
ভারতীয় লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশের পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের বিষয়ে বিরোধী দলীয় নেতা এল কে আদভানির একটি মুলতবি প্রস্তাবের ওপর আলোচনাকালে পাতিল এ কথা বলেন।
তিনি জানান, সমুদ্রসীমান্তেও ভাসমান ঘাঁটি স্থাপনের প্রক্রিয়া চলছে।
ভারত সরকার এছাড়াও সীমান্ত প্রহরা বাড়াতে প্রতি ৭০ কিলোমিটারের স্থলে প্রতি ৩০ কিলোমিটারে সীমান্তরক্ষী বসানোর প্রস্তাব খতিয়ে দেখছে।
ধর্ম অথবা ভাষার নামে কোন কৌশল অবলম্বন বা অযথা ভীতি প্রদর্শন না করার জন্য পাতিল বিরোধী দলকে সতর্ক করে দেন। বিশেষ করে ভোট পাওয়ার আশায় এ ধরনের কৌশল ব্যবহার করা ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি।
