২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে স্বাস্থ্য সেবায় নির্মিত ২৩৬টি কমিউনিটি ক্লিনিক কোনও কাজে আসছে না

সরকারি সিদ্ধান্তের অভাবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিত কিশোরগঞ্জের ২৩৬টি কমিউনিটি ক্লিনিক অযত্ন আর অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে এসব ক্লিনিক স্বাস্থ্য সেবায় কোন ভূমিকা রাখতে পারছে না।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 09:33 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, বিগত সরকারের আমলে ১৯৯৯-২০০০ অর্থ বছরে স্বাস্থ্য ও জনসংখ্যা প্রকল্প কর্মসূচির আওতায় দেশব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিটি কমিউনিটি ক্লিনিক প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কিশোরগঞ্জ জেলায় ২৩৬টি ক্লিনিক নির্মিত হয়। কমিউনিটি ক্লিনিকগুলো নির্মানে ব্যয় হয় প্রায় ছয় কোটি টাকা।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সেবা কার্যক্রমের সুফলকে মাঠ পর্যায়ে জনগণের আরও কাছাকাছি নিয়ে আসাই ছিল এই ক্লিনিকগুলো নির্মানের উদ্দেশ্য।

কিন্তু সরকারের পট পরিবর্তনের পর প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ফলে বহু অর্থ ব্যয়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো আর চালু না হওয়ায় বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে জরাজীর্ণ হয়ে পড়েছে।

এর ফলে একদিকে যেমন কমিউনিটি ক্লিনিক নির্মানের সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, অপরদিকে বিনষ্ট হচ্ছে মূল্যবান সরকারি সম্পত্তি।

এ ব্যাপারে কিশোরগঞ্জের সিভিল সার্জন চিকিৎসক মাইজ উদ্দিন কবীর বিডিনিউজকে জানান, কমিউনিটি ক্লিনিক চালুর বিষয়টি সরকারের উর্ধ্বতন মহলের সিদ্ধান্তের ব্যাপার।