বিএসএফের গুলিতে নিহতের লাশ ফেরত দেওয়া হয়নি, সীমান্তে আতংক
বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক আমিনুরের লাশ ফেরত দেওয়া হয়নি।
এদিকে বিএসএফ এক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে মাইক দিয়ে জনসাধারণকে সতর্ক করছে।
গত ২৫ জুলাই গভীর রাতে বাংলাদেশের বেনাপোল থানার পাঁচ ভুলোট সীমান্তের ওপারে ভারতের বর্ণবাড়িয়া সীমান্তে বিএসএফ’র ব্রাশ ফায়ারে আমিনুর রহমান (২০) নামে এক যুবক নিহত হয়। তার সঙ্গী আলমগীর (১৮) গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বাংলাদেশে আসেন।
আমিনুরের লাশের ময়না তদন্ত সম্পন্ন করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। লাশ ফিরে পাওয়ার আশায় আত্মীয়-স্বজনকে অধীর আগ্রহে পাঁচ ভুলোট সীমান্তে মঙ্গলবার সকাল থেকে অপেক্ষা করতে দেখা যায়।
বিডিআর’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তবে বিএসএফ এ ব্যাপারে কোন সাড়া দেয়নি।
গ্রামবাসিরা জানিয়েছে, চোরাচালানির দলে থাকা তোফা নামে অপর একজনকে খুঁেজ পাওয়া যাচ্ছে না।
তাদের মতে, আমিনুর একজন চোরাচালানি। ওই রাতে একদল চোরাচালানি গরুর বহর নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ব্রাস ফায়ারের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় সীমান্তে আতংক বিরাজ করছে। বিডিআরকে রাখা হয়েছে সতর্কাবস্থায়। চলতি বছরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিএসএফ ১৪ জন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে।
