যশোরে পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ দু’ভাই আটক
যশোরের কোতোয়ালি থানা পুলিশ সোমবার গভীর রাতে ডাকাতি ও দস্যুতা মামলার আসামি ধরতে গিয়ে ইতালির তৈরি একটি পিস্তল ও একশ’ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’ভাই ওয়াহিদুজ্জামান জনি এবং মনিরুজ্জামান মনিকে আটক করেছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের বড়ভাই আশরাফুল জানালা ভেঙ্গে পালিয়ে যায়।
পুলিশ জানায়, কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাতে শহরের আরএন রোডের মোজাফ্ফর আলীর তিনপুত্র আশরাফুজ্জামান, ওয়াহিদুজ্জামান জনি ও মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করতে যায়। এদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
