দিনাজপুরে ভূমিহীন পুনর্বাসনের নামে উচ্ছেদ করা হয়েছে আদিবাসী ভূমিহীনদের
দিনাজপুরের পার্বতীপুরে উন্নয়নের নামে প্রশাসন গুঁড়িয়ে দিয়েছে প্রত্যন্ত সাঁওতাল গ্রাম বড়দল। ভূমিহীন পুনর্বাসনের জন্য এই গ্রামের খাস জমি থেকে উচ্ছেদ করা হয়েছে আদিবাসী ভূমিহীনদেরই।
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের (সান্তাল হুল) দেড়শ’তম বার্ষিকীর রেশ কাটতে না কাটতেই ঘটলো মানবাধিকার লঙ্ঘনের এ নির্মম ঘটনা।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, উচ্ছেদ হওয়া আদিবাসী সাঁওতাল পরিবারের সংখ্যা ৬৫টি হলেও প্রশাসন বলছে, সেখানে নাকি মাত্র দুটি আদিবাসী পরিবার উচ্ছেদ হয়েছে। এছাড়া উচ্ছেদ করা হয়েছে আরও ১৬টি বাঙালি পরিবার। এখন আবার প্রশাসন চাইছে ওই গ্রামেই নয় একর জমির ওপর আদর্শগ্রাম নামক প্রকল্পের আওতায় কথিত ভূমিহীন পুনর্বাসন কার্যক্রম চালাতে।
অন্যদিকে, প্রশাসনের এ প্রহসনমূলক সিদ্ধান্তের কারণে উচ্ছেদ হওয়া বড়দল গ্রামের হতদরিদ্র দিনমজুর কৃষক সাঁওতালরা গত চারদিন ধরে রোদ বৃষ্টি মাথায় করে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। তারা আহাজারি করে বলেছেন, আমরা এখন যাবো কোথায়, খাব কী ?
উপরন্তু বড়দলের ১১ জনের বিরুদ্ধে মামলা ও ২২ জনের বিরুদ্ধে জিডি করার পর আদিবাসী পরিবারের পুরুষরা এখন পুলিশের ভয়ে এলাকা ছাড়া। আর্ধাহারে, অনাহারে সাঁওতাল নারীরা রাত জেগে ভাঙা ঘর-দুয়ার পাহারা দিচ্ছেন। তারা আদর্শ গ্রামের নামে ব্যারাক-জীবন চান না। তারা চান, ছোট্ট মাটির কুড়েঘরে প্রশান্তির ছায়ায় দিন কাটাতে।
কালো কৃষকায় শান্তি হাজরা (৩৫) চোখের জল মুছে উচ্ছেদ ঘটনার বর্ণনা দিয়ে বিডিনিউজকে বলেন, ২২ জুলাই বেলা ১২টায় ওরা দুই ট্রাক পুলিশ আর কয়েকশ মাস্তানসহ লাঠি-সোটা নিয়ে আমাদের গ্রামে হামলা করে। শাবল দিয়ে গুঁড়িয়ে দেয় ২০/৩০ বছরের পুরোনো মাটির ঘর। কুড়াল আর দায়ের কোপে উজাড় করে গ্রামের সমস্ত গাছ-গাছলি।
ষাট বছরের বৃদ্ধা সুকি টুডু ভাঙা ঘরের আঙিনায় বেদনার্ত স্বরে বলেন, ‘বাবু, আমাদের কিছু নেই। মরণই বুঝি এখন একমাত্র নিয়তি!’
সাঁওতাল নেতা আলবার্ট সরেন বলেন, আমরা আদিবাসীরা এ দেশের স্বাধীনতার জন্যে অস্ত্র হাতে নিজের জীবন দিয়ে যুদ্ধ করেছি। কিন্তু কোনো আগাম উচ্ছেদ নোটিশ ছাড়াই বড়দল গ্রামের ঘটনা প্রমাণ করলো স্বাধীন দেশে আদিবাসীরা এখন নিজভূমে পরবাসী।
এলাকা পরিদর্শন করে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট আদিবাসী লেখক সঞ্জিব দ্রং বিডিনিউজকে বলেন, প্রাকাশ্যে আদিবাসী নির্যাতনের এ নির্মম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, সময় এসেছে এখনই এ ঘটনার প্রতিবাদ করা এবং সবধরনের আদিবাসী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
এ বিষয়ে জেলা প্রশাসক সুরুত জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৬৫টি আদিবাসী ভূমিহীন পরিবার উচ্ছেদের কথা সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, ১৯৯৯ সালের আদর্শ গ্রাম প্রকল্পের আওতায় আসলে সেখানে মাত্র ১৮টি বেআইনী দখলদার পরিবার উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে দুটি মাত্র পরিবার আদিবাসী। একটি বিশেষ মহল এটিকে রাজনৈতিক ইস্যু বানাতে চাইছে।
তিনি আরও বলেন, আবেদনের ভিত্তিতে উচ্ছেদ হওয়া ভূমিহীনরাতো বটেই, সবধরনের ভূমিহীনকে ওই প্রকল্পে নয় কাঠা জমিতে সাধ্যমত পুনর্বাসন করা হবে।
স্থানীয় ইউএনও শাসুদ্দিন মন্ডল পুলিশ ও বহিরাগত দিয়ে বড়দল গ্রাম উচ্ছেদের কথা অস্বীকার করে বলেন, এটি একটি আপত্তিকর ও ভিত্তিহীন অভিযোগ।
তিনি দাবি করেন, আইন অনুযায়ী সাতদিনের আগাম নোটিশ দিয়েই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
