২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রী কাকলীর লাশ বাগেরহাট পৌঁছেছে, এলাকায় শোক মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমাজ বিজ্ঞান শেষ বর্ষের মেধাবী ছাত্রী কাকলী রায়ের (২২) লাশ মঙ্গলবার ভোরে বাগেরহাটের চিতলমারীর শের-এ-বাংলা ডিগ্রি কলেজে তার পিতার কর্মস্থলে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তবে কাকলীর মা রঞ্জিতা রায় অসুস্থ ছোট ভাই উৎসব কুমার রায়কে নিয়ে ভারত থেকে দেশে পৌঁছাতে না পারায় মঙ্গলবার বিকেল পর্যন্ত তার দাহ সম্পন্ন হয়নি।

কাকলীর মরদেহ কলেজ ক্যাম্পাসে পৌঁছলে এলাকার অসংখ্য মানুষ তার পিতা অমূল্য রায়কে শোক ও সমবেদনা জানাতে ভিড় করেন। সকালে শের-এ-বাংলা কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষ শোক মিছিল করেছে। পরে কলেজ অধ্যক্ষ নূরুজ্জামানের সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কাকলী এ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশুনা করেছে।

সোমবার দুপুরে ঢাকায় শামসুন্নাহার হলে নিজ কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে কাকলীর মৃত্যু হয়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাকলীদের গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামে। তার মা রঞ্জিতা রায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য এবং পিতা অমূল্য কুমার রায় চিতলমারী উপজেলার শের-এ-বাংলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। তারা সপরিবারে পিতার কর্মস্থল ওই কলেজ ক্যাম্পাসে বসবাস করতো।

কাকলীর পিতা জানান, তার মা এসে পৌঁছানোর পর মেয়ের সৎকারের স্থান নির্ধারণ করা হবে।