ঝিন্টুর সাধারণ ক্ষমা: মওদুদ ও এনায়েতের মধ্যে বিতর্ক
ঝিন্টুর ফাঁসির আদেশ মওকুফের ঘটনাকে কেন্দ্র করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং অ্যাড. এনায়েতুর রহিম মুখোমুখি অবস্থানে রয়েছেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম সোমবার এক বিবৃতিতে অভিযোগ করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঝিন্টু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা লাভের আগে আইনমন্ত্রীর সাথে সুইডেনে সাক্ষাৎ করে। ঝিন্টুকে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা লাভের সুযোগ করে দেওয়ার প্রক্রিয়া আসলে আইনমন্ত্রীর সুইডেন সফরকালেই শুরু হয়েছিল।
বিবৃতির ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে মওদুদ আহমদ জানান, যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ২০ এপ্রিল আমি সুইডেন যাই এবং এ বছরের ২২ এপ্রিল দেশে ফিরে আসি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঝিন্টুকে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা প্রদান করেন এ বছরের ১৩ জানুয়ারি।
মওদুদ আহমদ তার বিরুদ্ধে আনীত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং বানোয়াট বলে অভিহিত করেন।
সোমবার এনায়েতুর রহিম বলেন, দুটি হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঝিন্টুকে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা প্রদানের আগে মওদুদ আহমদ সুইডেন গিয়েছিলেন।
তিনি বলেন, সুইডেনে তিনি ঝিন্টুর আতিথেয়তা গ্রহণ করেন। সুইডেনে প্রবাসী বাংলাদেশীরা সবাই বিষয়টি জানে। এর কিছুদিন পরই ঝিন্টু বাংলাদেশে আসেন এবং আদালতে হাজির হয়ে সাধারণ ক্ষমা প্রার্থনা করেন।
অ্যাড. রহিম জানান, একই উপায়ে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকেও রক্ষা করতে চাচ্ছেন এবং তার বক্তব্য অযৌক্তিক।
অপরাধ আইন বিশেষজ্ঞ অ্যাড. আনিসুল হক বিডিনিউজকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত মামলার কাগজপত্র খতিয়ে দেখা ছাড়াই আইন মন্ত্রণালয় ঝিন্টুর সাধারণ ক্ষমার ব্যাপারে সম্মতি প্রদান করে।
তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ এখন দেশের মানুষকে বোকা বানাতে চাচ্ছেন।
