২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা টেলিকমের বিরুদ্ধে হাইকোর্টের কারণ দর্শাও নোটিশ

সেবা টেলিকম লিমিটেডের প্রতিটি মোবাইল সেটের বিপরীতে রয়্যালিটি ও লাইসেন্স বাবদ ১১০০ টাকা দাবি করাকে ‘কেন অবৈধ ঘোষণা করা হবে না’ এই মর্মে হাইকোর্ট সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন এন্ড রেগুলেটারি কমিশন (বিটিআরসি ) এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সেবা টেলিকম লিমিটেড কর্তৃপক্ষের দায়ের করা এক মামলার শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ জারি করে।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমানকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে এই কারণ দর্শানোর জন্য আদেশ দেন।

বিটিআরসি, বিটিআরসি’র চেয়ারম্যান ও সহকারী পরিচালক (আইন) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ মামলার বিবাদি করা হয়।

সেবা টেলিকম লিমিটেডের প্রতিটি মোবাইল সেটের বিপরীতে রয়্যালিটি বাবদ ১০০০ টাকা এবং লাইসেন্স ফি বাবদ ১০০ টাকা দাবি করে বিডিআরসি এবছরের ১৪ মে এবং ২ জুলাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে দুটি চিঠি পাঠায়।

এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মোবাইল কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বিটিআরসি’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

২০০০ সালেও বিটিআরসি মোবাইল প্রতি লাইসেন্স ও রয়্যালিটি বাবদ ১১০০ টাকা দাবি করে। এর বিপক্ষে মোবাইল সেট ক্রেতা শামসুল হক কাঞ্চন বিটিআরসি বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এব্যাপারে একটি স্থগিতাদেশ জারি করে।

হাইকোর্টের স্থগিতাদেশ এর সময়সীমা শেষ হলে বিটিআরসি লাইসেন্স ও রয়্যালিটি’র টাকা দাবি করে ওই দুটি চিঠি পাঠায়।

শুনানিতে বাদির পক্ষ্যে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান এবং বিটিআরসি পক্ষ্যে ব্যারিস্টার আনিক-আর হক মামলা পরিচালনা করেন।