২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে : মান্নান

সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে স্বতন্ত্র প্রার্থী এম এ মান্নান অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মান্নান বলেন, আমার নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে এবং নির্বাচনের সাথে জড়িত সবাই এ অনিয়মের সাথে জড়িত ছিলেন।

গত ২০ জুলাই অনুষ্ঠিত এ নির্বাচনে জোট প্রার্থী ইসলামী ঐক্য জোটের নেতা আলহাজ্ব এম শাহিনুর পাশা চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সিনিয়র নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম এ সামাদ আজাদের মৃত্যুর পর আসনটি শূন্য হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব এবং প্রার্থী মান্নান বলেন, ক্ষমতাসীন বিএনপি সরকারের দু’জন সাংসদ হুইপ নজির হোসেন এবং কলিমুল্লাহ মিলন ফলাফল ঘোষণার আগে দীর্ঘ সময় ধরে রিটার্নিং অফিসারের কক্ষে ছিলেন।

বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসার আগেই এ দুই সাংসদ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছেন বলে উল্লেখ করে মান্নান বলেন, রহস্যজনক কারণে দীর্ঘ দু’ঘন্টা ধরে নির্বাচনের ফলাফল স্থগিত ছিল।

মান্নান বলেন, রাত ১০ টা ৫ মিনিট থেকে রাত ১২ টা ১৫ পর্যন্ত-দু’ ঘন্টা ঢাকাস্থ নির্বাচন কমিশন সুনামগঞ্জ নির্বাচনের কোন ফলাফল পায়নি। মান্নান অভিযোগ করেন, স্থগিত ফলাফলের আগ পর্যন্তও তিনি এগিয়ে ছিলেন। কিন্তু এ দু’ঘন্টা পরই জোট প্রার্থীর চেয়ে পিছিয়ে যান তিনি।

মান্নান বলেন, সবকিছু দেখে মনে হয়, এ দুই সাংসদই নির্বাচনের ফলাফল নির্ধারণ করেছেন।

মান্নান বলেন, ‘নির্বাচনের ফলাফলে অমি খুবই অবাক হয়েছি। ১০ টা পর্যন্ত আমি এগিয়ে ছিলাম। আর ১২ টায় তিনি কি-না জিতে গেলেন’।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ যদি চায়, তাহলে আমি দলে যোগ দিতে রাজি আছি। তিনি বলেন, দলটির সিনিয়র নেতাদের সাথে আমি কথা বলবো এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

তিনি বলেন, নজরুল ইসলাম নামে আরেকজন স্বতন্ত্র প্রার্থীও তার জন্য একটি সমস্যা সৃষ্টি করেছে। কারন তার প্রায় ১৫ হাজার ভোট ওই প্রার্থীর কারণে নষ্ট হয়েছে।