ঢাকার আশেপাশে অবনতি, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি
নতুন এলাকা প্লাবিত হয়ে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আশেপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এদিকে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকলেও সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) বুলেটিন জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আশেপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। গোয়ালন্দ ব্যাতিত গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। তবে ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর সকল পয়েন্টে পানি হ্রাস অব্যাহত রয়েছে।
এদিকে মেঘনা ও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন নদ-নদীতে পানির বৃদ্ধি এবং হ্রাস উভয়ই রেকর্ড করা হয়েছে।
মোট ৮৬ টি পয়েন্টের মধ্যে ৩২ টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৪৩ টি পয়েন্টে, দুটি পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে এবং চকরহিমপুরে করতোয়ায়, ডেমরার বালু নদীতে, নারায়ণগঞ্জের লক্ষ্যায়, রেকাবি বাজারে ধ্বলেশ্বরীতে, ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা নদীতে, কানাইঘাটে সুরমায়, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়াজঞ্জালে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রক্ষ্মপুত্র অববাহিকায় একমাত্র চকরহিমপুরে করতোয়া ও ডেমরার বালু, নারায়ণগঞ্জের লক্ষ্যা এবং রেকাবি বাজারের ধ্বলেশ্বরি ছাড়া সকল নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গঙ্গা অববাহিকায় গোয়ালন্দ ও ভাগ্যকূলে পদ্মা ব্যাতিত সকল নদ-নদী বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন নদ-নদীর পানিও বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চকরহিমপুরে করতোয়া নদীতে পানি ৩৯ সে.মি. হ্রাস পেলেও তা এখনও বিপদসীমার ১৮ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেমরার বালু নদীর পানি আরও ৭ সে.মি. বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার ৪৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নারায়ণগঞ্জের লক্ষ্যা নদীর পানি আরও ৮ সে.মি. বৃদ্ধি পেয়ে সোমবার সকালে বিপদ সীমার ৩ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে, রেকাবি বাজারে ধ্বলেশ্বরি নদীর পানি আরও ৯ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয়।
পানখায় গঙ্গা ও পদ্মা নদীর পানি ৭ সে.মি., রাজশাহীতে ১১ সে.মি., হার্ডিঞ্জ সেতু ও ভাঘ্যকূলে ৩ সে.মি. বৃদ্ধি পেয়েছে। কিন্তু গোয়ালন্দে কিছুটা হ্রাস পেলেও গোয়ালন্দ ও ভাগ্যকূলে এখনও বিপদ সীমার যথাক্রমে ২৫ সে.মি. ও ২৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকার কানাইঘাটে সুরমায়, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়াজঞ্জালে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কানিঘাটে সুরমা নদীর পানি ১২ সে.মি., সিলেটে ৬ সে.মি. এবং সুনাম গঞ্জে ৯ সে.মি. হ্রাস পেলেও কানিঘাটে এখনও বিপদসীমার ৩৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পানি আমলশিদে ২৫ সে.মি., শেওলায় ১৩ সে.মি. বৃদ্ধি পেলেও শেরপুরে কিছুটা হ্রাস পেয়েছে। কিন্তু আমলশিদে ও শেওলায় এখনও বিপদসীমার যথাক্রমে ৪৮ ও ৩২ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জারিয়াজঞ্জালে কংশ নদীর পানি আরও ১৬ সে.মি. হ্রাস পেয়েছে। কিন্তু তা এখনও বিপদসীমার ৮৮ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁদপুরে মেঘনা নদীর পানি ৫ সে.মি. বৃদ্ধি পাওয়ায় এখন বিপদসীমার ২০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এফএফডব্লিউসি সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৯ টা পর্যন্ত) ব্রক্ষ্মপুত্র ও গঙ্গা অববাহিকা বেশিরভাগ জায়গায় এবং মেঘনা অববাহিকার দুই-এক জায়গায় ভারি থেকে ভারি বর্ষণ, দক্ষিণপূর্ব পার্বত্য অববাহিকার কয়েক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ সময়ে ভৈরব বাজারে ১৩২ মি.মি., দুর্গাপুরে ৬০ মি.মি., শেওলায় ৪৯ মি.মি., হবিগঞ্জে ৩২ মি.মি. এবং টেকনাফে ৩১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
