চট্টগ্রামে ফোরস্ট্রোক অটোরিক্সায় মিটার সংযোজনের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে
চট্টগ্রামে ফোরস্ট্রোক অটোরিক্সায় মিটার সংযোজনের সময়সীমা আরও একমাস বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে একথা জানা যায়।
আগামী ৩১ জুলাই ছিল মন্ত্রণালয়ের বেধে দেওয়া মিটার সংযোজন সময়সীমার শেষ দিন।
চট্টগ্রাম মহানগরীর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজকে বলেন, ২৭ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মিটার সংযোজনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে চট্টগ্রাম অটোরিক্সা, অটো টেম্পু, ফোরস্ট্রোক ও সিএনজি মালিক সমিতি মিটার সংযোজনের পূর্বের নির্ধারিত সময়সীমা প্রত্যাখ্যান করে সময়সীমা বাড়ানোসহ আট দফা দাবি পেশ করেছে।
দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-মিটার সংযোজনের সময়সীমা আরও ছয় মাস বৃদ্ধি, প্রথম দুই কিলোমিটার ১৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ছয় টাকা ভাড়া নির্ধারণ।
জানা যায়, সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মিটারে প্রথম দুই কিলোমিটার ১২ টাকা এবং পরবর্তীতে প্রতি কিলোমিটার ৫ টাকা ধার্য করেছে।
সমিতি সরকার কর্তৃক মিটার সংযোজনের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। সেই সাথে মিটার সংযোজনের ক্ষেত্রে কোম্পানিগুলো অত্যাধিক মূল্য নিচ্ছে বলেও অভিযোগ করে সমিতিকে মিটার সংযোজনের অনুমোদন দেওয়ার দাবি জানায়।
এ প্রসঙ্গে সমিতির সভাপতি আবুল কাশেম সরকার বিডিনিউজকে বলেন, যেখানে প্রতিটি মিটার সংযোজনের ক্ষেত্রে দুই/তিন হাজার টাকা খরচ হওয়ার কথা, সেখানে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নিচ্ছে সাত হাজার টাকা করে।
সমিতি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যাতে মিটার সংযোজনের ক্ষেত্রে তিন থেকে আট হাজার টাকার বেশি মূল্য না নিতে পারে, সে ব্যাপারেও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সরকারের পক্ষ থেকে ৫টি প্রতিষ্ঠানকে মিটার সংযোজনের অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মিটার সংযোজনের কার্যক্রম।
বিআরটিএ জানায়, বর্তমানে চট্টগ্রামে তের হাজার সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করছে। এসব অটোরিক্সায় মিটার না থাকায় ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক ধরনের নৈরাজ্য চলছে।
