সুপ্রিম কোর্টে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত
দু’জন বিচারপতি এবং ২২ জন আইনজীবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেঞ্চ কক্ষে রোববার ফুট কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
বিচারপতি বিমলেন্দু বিশ্বাস রায় চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আব্দুল হান্নান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সাবেক সভাপতি শামসুল হক চৌধুরীসহ অন্যান্য আইনজীবীদের স্মরণে এ রেফারেন্স অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী গত বছর মারা যান।
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, আইন কর্মকর্তা ও আইনজীবীরা মরহুম বিচারপতি ও আইনজীবীদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বক্তব্য রাখেন।
অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং বিচার বিভাগের পুরনো ঐতিহ্য ও নিরপেক্ষতা পুনরুদ্ধারে ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত আইনজীবীদের আন্দোলন বৈধ ছিল।
তিনি বলেন, অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী ১৯৮২ সালের স্বৈরশাসনের সময় আইনজীবীদের আন্দোলন নিষিদ্ধ করে যে আইন করা হয় তার বিরুদ্ধে আইনজীবীদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনকে অবৈধ বলা হলেও সে ব্যাপারে আমরা শংকিত নই। শামসুল হক চৌধুরীর মতো আমরাও বিচার বিভাগ ও বিচারকদের ভাবমূর্তি ও নিরপেক্ষতা রক্ষায় এবং দেশে নিখুঁত বিচার বিভাগ প্রতিষ্ঠায় আমরা অংঙ্গীকারাবদ্ধ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার এম আমির-উল ইসলাম ও ড. জহির উপস্থিত ছিলেন।
