প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টিকে থাকতে হলে পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে
জ্বালানী উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশ সৌভাগ্যবান যে এর পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস ও কয়লা রয়েছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একান্ত প্রয়োজনীয়।
তিনি রোববার ‘আইএসও ১৪০০ এবং ইএমএস’ বিষয়ক পাঁচ দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশই জ্বালানী সম্পদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত আর সেখানে বাংলাদেশের রয়েছে উন্নতমানের কয়লা ও প্রাকৃতিক গ্যাস।
মাহমুদ বলেন, আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে পণ্যের প্রমিত মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি জ্বালানী সম্পদের অপচয় রোধ করতে হবে এবং প্রতিযোগিতামূলক দামে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন প্রমিত মান বজায় রাখতে শিল্প উদ্যোক্তারা ইতোমধ্যেই আইএসও’র আওতাধীন ইনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) অনুশীলন করছে।
সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ), দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসইডিএফ’এর প্রোগ্রাম ম্যানেজার মারলন লেজামা এবং ইএসসিবি’র অনারারী রেক্টর অধ্যাপক এম. এ হান্নান। উদ্বোধনী বক্তব্য রাখেন ড. কবির এবং সমাপনী বক্তব্য রাখেন এসইডিএফ’র ইনভাইরনমেন্ট স্পেশালিস্ট ড. ইসমাইল এম ফয়সাল।
