২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় পানি বৃদ্ধি, ব্রহ্মপুত্র ও যমুনায় হ্রাস

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা দিযেছে ভয়াবহ ভাঙ্গন আতঙ্ক। অন্যদিকে বিভিন্ন জেলার নিম্নাচল জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সূত্র জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং এর আশপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র আরও জানায়, গোয়ালন্দ পয়েন্ট ছাড়া গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টে বাড়লেও আরিচা ছাড়া ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর সকল পয়েন্টে পানি কমেছে।

মেঘনা অববাহিকার বিভিন্ন নদ-নদীতে পানি কোথাও বৃদ্ধি এবং কোথাও হ্রাস পেলেও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় নদ-নদীর পানি হ্রাস পেয়েছে।

পর্যবেক্ষণ করা মোট ৮৬টি পয়েন্টের মধ্যে ৩৫টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৩৮টি পয়েন্টে এবং চকরহিমপুরে করতোয়ায়, ডেমরার বালু নদীতে, ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা নদীতে, কানাইঘাটে সুরমায়, আমলশিদ ও শেওলায় কুশিয়ারায়, জারিয়া-ঝাঞ্জাইলে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র অববাহিকায় একমাত্র চকরহিমপুরে করতোয়া ও ডেমরার বালু নদী ছাড়া সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নুনখাওয়ায় ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার, চিলমারিতে ১২ সেমি, বাহাদুরাবাদে ১৫ সেমি এবং সিরাজগঞ্জে আট সেমি হ্রাস পেয়েছে। কিন্তু একই সময়ে আরিচা ঘাটে দুই সেমি বৃদ্ধি পেয়েছে।

সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৯ টা পর্যন্ত) ব্রহ্মপুত্র অববাহিকার কয়েক স্থানে হালকা এবং গঙ্গা ও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কয়েক স্থানে হালকা থেকে মাঝারি এবং মেঘনা অববাহিকার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় মানু রেলওয়ে সেতু এলাকায় ১২ মিমি, রাজশাহীতে ৩৮ মিমি, মৌলভীবাজারে ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিডিনিউজ গ্রাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার এক মি. ও করতোয়া নদীর পানি ৩৪ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার গোবিন্দগঞ্জ ও সাদুল্ল্যাপুর উপজেলার পৌর এলাকাসহ ১১টি গ্রামের পাঁচ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে, ঘাঘট নদীর তীব্র স্রোতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ছয়টি পয়েন্টেই ভাঙ্গন অব্যাহত রয়েছে। ফুলছড়ির উড়িয়া, কঞ্চিপাড়া, সাঘাটার হলদিয়া এবং সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের ১৭টি গ্রাম জুড়ে নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে।

এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ সর্দি জ্বরের প্রকোপ বাড়ছে।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গবিন্দপুর ইউনিয়নের তিনটি স্কুলসহ প্রায় পাঁচ শতাধিক বাড়ি ঘর শনিবার রাতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অসহায় মানুষজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার গভীর রাতে গবিন্দপুর ইউনিয়নের গোলাঘর জজ ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়, নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে যায়। একই সঙ্গে নলগোড়া, তেতুলিয়া, রুকান্দি, সাদেকপুর, ধুলিয়া মধ্যচর, চুনারচর, আলীমাবাদ, জাঙ্গালিয়া, মৃধারহাটের প্রায় পাঁচ শতাধিক বাড়ি ঘর মেঘনার গর্ভে হারিয়ে যায়।

রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, শিক্ষা অফিসার সাইদুজ্জামান, প্রকৌশলী মো. শাহজালাল ফরাজী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, বিভিন্ন জেলার বন্যার পানি মেঘনা নদীর উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চাঁদপুরের কিছু কিছু নিম্নাঞ্চল ও শহরের নিচু এলাকাগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

শনিবার রাতে শহরের বড় স্টেশন এলাকায় মেঘনা নদীর পানি বিপদসীমার সর্বোচ্চ ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। একই সময়ে মতলব উত্তর উপজেলার উদমদী এলাকায় মেঘনার পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর প্রবাহিত হয়েছে। এছাড়া ডাকাতিয়া নদীর পানিও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আকস্মিকভাবে পানি বৃদ্ধির ফলে বিশেষ করে শহরের যমুনা রোড, মাদ্রাসা রোড, কোড়ালিয়া রোড, চৌধুরী ফেরিঘাট, পাঁচ নং ঘাট, বড় স্টেশন, কয়লাঘাট, বেবিস্ট্যান্ড, ব্যাংক কলোনী, বিষ্ণুদী, প্রফেসরপাড়া, রেলওয়ে কাচ্চা কলোনী, কুলি বাগান, পুরাণবাজারের শ্রীরামদী, হরিসভা, গুণরাজদী, দুধপট্টি, ইচলী, রহমতপুর কলোনী, নতুন বাজারসহ শহরের বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়। এছাড়া শহরের বড় স্টেশন শহর রক্ষা বাঁধও মারাত্মক হুমকির মধ্যে রয়েছে।

রোববার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বেলায়েত হোসেনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল নয়টায় মেঘনায় বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর পানি প্রবাহিত হয়। ফলে শহর রক্ষা বাঁধের উপর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক ঘর ও প্রায় দ্ইু হাজার লোক আতংকের মধ্যে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড এসব অবৈধ বসতি উচ্ছেদের ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে নোটিশ জারি করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় সেখান থেকে কেউ সরতে চাচ্ছে না।

এদিকে শনিবার চাঁদপুর শহরের পাশাপাশি জেলার হাইমচর উপজেলার নিম্নাঞ্চল সমূহ পানিতে ডুবে গেছে। বিশেষ করে উপজেলার চর এলাকাসমূহ এখন পানির নিচে রয়েছে। এছাড়া ভাঙন অব্যাহত থাকায় শনিবার রাতে চরভৈরবী এলাকায় বিকল্প বেড়িবাধের কিছু অংশ মেঘনাগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধ এলাকায় বসবাসরত লোকজনদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। ইতোমধ্যে ভাঙন অব্যাহত থাকায় উপজেলার একটি শহীদ মিনার ও ইউনিয়ন পরিষদ ভবনসহ ৩/৪ শতাধিক ঘর-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। গৃহহারা লোকজন এখন বাধ ও বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

গত এক সপ্তাহের ভাঙনে এ উপজেলার চরভৈরবী নদীতীরবর্তী এলাকার প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে থাকলেও হাইমচর রক্ষায় এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করায় নদীতীরবর্তী গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

তবে অধিকাংশ গ্রামগুলোতে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এবং স্থানীয পানি উৃন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, কাজীপুর উপজেলার শুভগাছা-রতনকান্দি, সদরের শিমলা, শৈলবাড়ি এবং শাহজাদপুর উপজেলার কৈজুরী এলাকার বন্যা নিয়ন্ত্রন বাধেঁর অংশ মেরামত না করায় জেলা অভ্যন্তরে এ বন্যার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, ভাঙ্গা অংশ দিযে বন্যার পানি প্রবেশ করায় জেলার প্রায় ৪৮ টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।

অন্যদিকে সিরাজগঞ্জের উজানে শৈলবাড়ীতে আকস্মিকভাবে রোববার ভোর থেকে নতুন করে ভাঙ্গন সৃস্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় শৈলবাড়ী অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৫০ ফুটসহ প্রায় ৬০ টি বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।