২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কংগ্রেসম্যানের মন্তব্যে ঢাকার তীব্র প্রতিক্রিয়া

মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান টম ট্যাঙ্কেরাডোর মুসলমানদের পবিত্র তীর্থস্থান মক্কা ও মদিনায় বোমা হামলার পরামর্শ প্রদানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান রোববার বিডিনিউজকে বলেন, সাম্প্রতিক রেডিও সংলাপে ফ্লোরিডার এই কংগ্রেসম্যান মক্কা ও মদিনায় বোমা হামলার কথা বলে চরম দায়িত্বহীনতা ও অসহিষ্ণুতার পরিচয় দিয়ছেন।

বিষয়টিতে মন্তব্য জানতে চাওয়া হলে মোর্শেদ খান বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি গণতান্ত্রিক দেশের জনপ্রতিনিধির এমন মন্তব্য করা মোটেই উচিত নয়। তার এ মন্তব্য কেবল মুসলিম উম্মাকেই ক্ষুব্ধ করেনি, গোটা বিশ্বের সকল ধর্মীয় বিশ্বাসের শান্তিপ্রিয় মানুষের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

মোর্শেদ খান বলেন, টম ট্যাঙ্কেরাডোর এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক প্লাটফর্মে দেয়া সন্ত্রাস বিরোধী অবস্থান ঘোষণার পরিপন্থী।

তিনি বলেন, অমি মনে করি মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্যাঙ্কেরাডোর এই মন্তব্যকে ‘ইসলামের প্রতি অবমাননা’ বলে বিবেচনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে আরো ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ মনে করে, দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তিরা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকাই শ্রেয়।