বরিশালের খ্রিস্টান কলোনিতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, গ্রেফতার ৫
বরিশাল শহরের ২৯ নং কাশিপুর ওয়ার্ডের ইছাকাঠি খ্রিস্টান কলোনিতে রোববার ভোরে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে। এসময় কমপক্ষে চারটি দোকান ভস্মিভূত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় পুলিশ ছাত্রদল নেতা ও ক্যাডারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ইচ্ছাকাঠি কলোনীতে অবস্থান করছে। গ্রেফতারকৃতরা হলো, মনির হোসেন, শাহিন, সুজন , মজিবুর রহমান এবং অপর একজন।
কলোনীবাসীর অভিযোগ, স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় অপরাধীরা কলোনীকে নিরাপদ ঘাঁটি হিসেবে গড়ে তোলে। বিভিন্ন সময়ে অপরাধীরা কলোনির মেয়েদের নানাভাবে উত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় ২/৩দিন আগে কলোনীর বাসিন্দা প্রবুদান বাড়ৈর ভাগ্নি টুম্পা মিথুনকে (১৪) ছাত্রদল ক্যাডার অপু প্রকাশ্যে উত্যক্ত করে। এ ঘটনার পর ২৩ জুলাই প্রবুদান অপুর সাথে কথা বলতে গেলে অপু তাকে মারধর করে।
কলোনীবাসীরা জানায়, বিষয়টি মেয়র পর্যন্ত গড়ালে পুলিশ অপুর সহযোগী মনিরকে গ্রেফতার করে। মনিরকে ছাড়িয়ে আনার ব্যাপারে ছাত্রদল সন্ত্রাসীরা প্রবুদানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কমিশনারকে জানানো হলে কমিশনার ঘটনাটি তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।
প্রবুদান অভিযোগ করেন, কমিটি গঠনের পর থেকেই ছাত্রদল ক্যাডার সজল, সবুজ, সোহেল, মামুন, অপুসহ ১০/১২ জন ক্ষিপ্ত হয়ে রোববার ভোরে কলোনীর চারটি দোকানে আগুন দেয়। ওয়ার্ড কমিশনার ঘটনার সত্যতা স্বীকার করেন। বরিশাল পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
