সুনামগঞ্জে ইউপি সদস্য জলিল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইউপি সদস্য আব্দুল জলিল ওরফে জলই হত্যা মামলার রায়ে পাঁচ আসামির ফাঁসি এবং চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী রোববার এ আদেশ দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, ছাতক উপজেলার বনগাঁও ইউনিয়নের মৃত তৌমুছ আলীর পুত্র আব্দুল খালিক, ছবদর আলীর পুত্র আব্দুস হাই, জগম্বর আলীর পুত্র মানিক, জালাল উদ্দিনের পুত্র মাখন ও ফয়জুর রহমানের পুত্র ছালিক। এদের মধ্যে আব্দুল খালিক ছাড়া বাকি সবাই পলাতক রয়েছে।
বেকসুর খালাসপ্রাপ্ত চার আসামি হচ্ছে, ছাতকের বনগাঁও এর সামছুল, নোয়াকুট গাংপারের নুরুজ্জামান, তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুস।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ২০০২ সালের ৫ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার বনগাঁও ইউপি সদস্য আব্দুল জলিলের ওপর হামলা চালায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত আব্দুল জলিলের পুত্র সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
সুনামগঞ্জ জেলা আদালতে দীর্ঘদিন বিচারাধীন থানার পর এ বছর ৩ এপ্রিল মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
