শাবি’র ছাত্র লিটনের খুনিদের বিচার ও ভিসি’র অপসারণের দাবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটনের খুনিদের বিচার ও ভিসি’র অপসারণের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন রোববার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের করে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হওয়ায় প্রক্টরিয়াল কমিটি ক্যাম্পাসে মিছিল সমাবেশ করা বন্ধ করে দেয়। রোববার ছাত্র সংগঠগুলো মিছিল-সমাবেশ আয়োজন করতে চাইলে প্রক্টর ড. আব্দুল হাই চৌধুরী বাধা দেন। কিন্তু সংগঠনের নেতারা প্রক্টরিয়াল কমিটির বাধা উপেক্ষা করে মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সভায় বক্তারা অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে ছাত্র রাজনীতি বন্ধের পায়তারার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তারা লিটনের খুনিদের বিচার এবং ভিসিকে দুর্নীতিপরায়ন হিসেবে আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেন।
শাবি ছাত্রলীগ আলী আশরাফুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক গোলাম কবির, শামস্ মো. জাবেদ সুফিয়ান, আসাদুজ্জামান রোমান, শাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কচি প্রমুখ।
