২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রণালয় ছাত্রদল নেতা জিন্টুর ফাঁসির দণ্ডাদেশ মওকুফের কোনো সুপারিশ করেনি : মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, তার মন্ত্রণালয় জোড়া খুনের মামলায় সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন জিন্টুর ফাঁসির দণ্ডাদেশ মওকুফ করতে কোনো সুপারিশ করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত কোনো নোটও পাঠায়নি।

রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মামলার সারাংশের উল্লেখ করে মওদুদ আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলার একটি সারাংশ আইন মন্ত্রণালয়ে আসে। এতে বলা হয়, ছাত্রদল নেতা মহিউদ্দিন জিন্টুর নাম ওই মামলার এজাহারে ছিল না। রাজনৈতিক বিবেচনায় তার নাম চার্জশীটে অন্তর্ভূক্ত করা হয়েছিলো।

তিনি বলেন, ওই সারাংশে মামলার অপর দুই দণ্ডিত আসামীর দণ্ডাদেশ কার্যকর হয়েছে কি না, তাও উল্লেখ করা হয়নি।

বহুল আলোচিত এ ঘটনায় তার মন্ত্রণালয়ের জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সারাংশ তৈরী করে। তারা প্রধানমন্ত্রীর মাধ্যমে সারাংশটি রাষ্ট্রপতির কাছে পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের তৈরী করা সারাংশ আইন মন্ত্রণালয়ে পাঠানোর একটা রীতি রয়েছে। তবে এটা বাধ্যতামূলক বা সাংবিধানিক কোনো বিষয় নয়। আইন মন্ত্রণালয় শুধু সারাংশের বিষয়ে মতামত দেয়।

আইন মন্ত্রী বলেন, সারাংশে জিন্টুর জড়িত থাকার ব্যাপারে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই বলে উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার মওদুদ কিছু সংবাদপত্রে জিন্টুর বিশেষ অনুকম্পা প্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়কে জড়িয়ে প্রকাশিত সংবাদকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসুত ও ভিত্তিহীন বলে দাবি করেন।

তিনি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে অভিযুক্ত করার বিরোধিতা করে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিটি ঘটনার বিষয়ে দেখা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই বিষয়গুলো দেখাশোনা করেন। প্রধানমন্ত্রী শুধু এতে স্বাক্ষর করেন।

মওদুদ আহমেদ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, ঘটনার তদন্তে তার ওই উদ্যোগ মূল ঘটনা বের করে আনবে এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করবে। একজন পলাতক আসামীর জীবন রক্ষা করা আইনের শাসনের বিরোধী এবং অপরাধ।

এরআগে বৃহস্পতিবার জাতীয় সংসদের আইন বিষয়ক স্থায়ী কমিটি আইন মন্ত্রণালয়ের অস্পষ্ট মতামতের জন্য জিন্টুর ফাঁসির দণ্ডাদেশ মওকুফ হয়েছে বলে মন্তব্য করে। তবে আইন মন্ত্রণালয় এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চাপায়।

স্থায়ী কমিটির সভায় জোড়া খুনের ওই মামলার যাবতীয় নথিপত্র পর্যালোচনা না করেই মতামত দেওয়ায় আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়। এতে বলা হয়, তড়িঘড়ি করেই মামলায় রাষ্ট্রপতির ক্ষমা অনুমোদন করা হয়েছে।

রাষ্ট্রপতির ক্ষমা লাভকারী মহিউদ্দিন জিন্টু নিজেকে বিএনপির সুইডেন শাখার প্রতিষ্ঠাতা সভাপতির দাবি করেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ এ বছরের জানুয়ারি মাসে জিন্টুর বিশেষ ক্ষমার আবেদন অনুমোদন করেন। তিনি ২৩ বছর আগের একটি জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

প্রায় দুদশক পলাতক থাকার পর এ বছরের ৩ জানুয়ারি জিন্টু ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্ম-সমর্পণ করেন। আত্ম সমর্পণের মাত্র ১২ দিনের মাথায় তিনি রাষ্ট্রপতির অনুকম্পা লাভ করেন।

১৯৮২ সালে ডেমরা থানায় ব্যবসায়ী আব্দুল খালেক রানা এবং ফিরোজ আল মামুন হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ব্যাপারে দায়ের করা মামলায় ওই বছরই মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। জিন্টুর অনুপস্থিতিতেই ওই রায় ঘোষণা করা হয়।