২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুতগামী জনপরিবহন নিশ্চিত করতে বাস র‌্যাপিড ট্রানজিট ও পাতাল মেট্রো সার্ভিস চালুর প্রস্তাব

রাজধানী ঢাকার দ্রুতগামী জনপরিবহন চাহিদা ২০২৪ সালের মধ্যে মেটানোর লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয় প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) বাস র‌্যাপিড ট্রানজিট ও পাতাল রেল চালুর প্রস্তাব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে শনিবার আয়োজিত মতবিনিময় সভায় একথা জানানো হয়। এফবিসিসিআই এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রকল্প (এসটিপিপি) যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এসটিপি টিম লিডার ডেভিড এইচ জারেট, পরিবহন পরিকল্পনাকারি ড. রহমতউল্লাহ, নীতি বিশেষজ্ঞ ওমর হাদী, ড. শামসুর রহমান এবং এফবিসিসিআই নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, নগর জীবন এবং অর্থনীতি নির্ভর করে জনগণ, মালামাল ও সেবার সুশৃঙ্খল ও টেকসই চলাচলের ওপর। এসটিপি’র চূড়ান্ত খসড়া প্রতিবেদন আমাদের ঢাকার পরিবহন ক্ষেত্রে ভবিষ্যত উন্নয়ন সম্পর্কে জানতে সাহায্য করবে।

এসটিপি গবেষণায় ২০২৪ সালে ঢাকার সামগ্রিক অবস্থা কী দাঁড়াবে, তার চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, তখন ঢাকার জনসংখ্যা ১৯ মিলিয়ন থেকে বেড়ে ৩৬ মিলিয়নে দাঁড়াবে। পাশাপাশি পিক আওয়ারে প্রধান প্রধান সড়কে এক লাখের পরিবর্তে তিন লাখ যানবাহন চলাচল করবে। বর্তমানে পিক আওয়ারে ঢাকা মহানগরীর রাস্তাঘাটে ২ লাখ ৫০ হাজার মানুষ চলাচল করে, আর ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৫০ হাজারে।

এসটিপি ঢাকার আশপাশের পাঁচটি জেলার ভবিষ্যৎ অবস্থা নিয়েও চিন্তাভাবনা করছে।

সভায় জানানো হয়, ভবিষ্যতে ঢাকা মহানগরীতে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে বলে লোকজনের চলাচলের হারও বৃদ্ধি পাবে। তাই বর্তমানের ঢাকামুখী প্রবণতাকে ভবিষ্যতে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হবে।

নগরীর এ অবস্থার কথা চিন্তা করে এসটিপি গবেষণায় ট্রাফিক ব্যবস্থাপনা, বাস কনসোলিডেশন, মোটরবিহীন যানবাহনের ভূমিকা, জল পথে যোগাযোগ, পথচারি সুবিধা, নিরাপত্তা, রেলওয়ে স্টেশন, সড়ক ও সমন্বিত দ্রুতগামী জনপরিবহন চাহিদা ইস্যু নিয়ে বেশ কিছু সুপারিশমালা প্রস্তাব করেছে।

এসটিপি ভবিষ্যত চাহিদা পূরণের লক্ষ্যে পূর্ব ও পশ্চিম বাইপাস নির্মাণ, নগরীর পূর্ব ও পশ্চিম অংশে এক্সপ্রেস ওয়ে ঢাকা ও জেলা শহরে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা ও জলপথে যোগাযোগের প্রস্তাব করেছে।

এসটিপি’র পরিকল্পনাকারি ড. রহমতউল্লাহ বলেন, বাস র‌্যাপিড ট্রানজিট চালূ হলে মানুষের দুর্ভোগ কমে যাবে। অন্যান্য ব্যবস্থার তুলনায় সাশ্রয়ি হবে। অল্প কিছু কোম্পানিকে এ পরিবহন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হবে।