২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের প্রতিরোধের মুখে ড. আফতাব ঢাবি থেকে ফিরে গেলেন

বিভাগীয় শিক্ষকদের প্রতিরোধের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফতাব উদ্দিন আহমেদ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সরকার অধ্যাপক আফতাবকে বিভিন্ন কারণে ২০ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদান করে। তবে এখনো তিনি ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

ক্যাম্পাস সূত্র জানায়, অধ্যাপক আফতাবের যোগদানের বিষয় নিয়ে শিক্ষকদেও মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।

অধ্যাপক আফতাব যাতে পুনরায় বিভাগে যোগ দিতে না পারেন, সে জন্য বিভাগীয় শিক্ষকরা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সাথে দেখা করেন। বিকালে অধ্যাপক আফতাবও উপাচার্য ড. এসএমএ ফায়েজের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উপাচার্য তাকে জানান, এ বিষয়টি নিয়ে ২৭ জুলাই সিঅ্যান্ডডি কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সূত্র জানায়, ২০০৩ সালের ৫ জুলাই থেকে অধ্যাপক আফতাব চার বছরের জন্য প্রেষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। কিন্তু ওই সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদানের জন্য শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান।

কিন্তু তিনি প্রেষণের সময়সীমা শেষ হওয়া সংক্রান্ত তথ্য গোপন করে দিয়ে ঢাবিতে যোগদানের উদ্যোগ নিলে বিভাগীয় শিক্ষকরা তাকে বাধা দান করেন।

এদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একেএম শহীদুল্লাহ বিডিনিউজকে জানান, অধ্যাপক আফতাব ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে যোগদানের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যান। কিন্তু সে বিষয়টি তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করেননি।

তিনি আরো জানান, অধ্যাপক আফতাব ওই ভুল তথ্য দিয়ে বিভাগে যোগ দিতে চেষ্টা করেন।

ঢাবি সূত্র জানায়, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধিকাংশ শিক্ষক নানা রকম আপত্তিকর কার্যকলাপের জন্য এখন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অধ্যাপক আফতাবের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণনিয়োগ, যৌন হয়রানি এবং নানা ধরণের আর্থিক অনিয়ম।