২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার ঘটনা: ৩ র‌্যাব সদস্যকে ফিরিয়ে দেয়া হয়েছে আগের সংস্থায়, ১০ জনকে কারণ দর্শাও নোটিশ

উত্তরায় বেসরকারি একটি কোম্পানির এক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় শাস্তিস্বরূপ এক এএসপিসহ দোষী তিন র‌্যাব সদস্যকে তাদের আগের সংস্থায় ফিরিয়ে দিয়েছে র‌্যাব কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

অভিযুক্ত বাকি ১০ র‌্যাব সদস্যকে ক্লোজ করে নেয়া হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে প্রত্যেককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও তাদেরকে তাদের কৃতকর্মের জন্যে সতর্ক করে দেওয়া হয়েছে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, র‌্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার এ ব্যাপারে বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসার হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছেন।

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অর্থ ও প্রশাসন) মোখলেছুর রহমানকে প্রধান করে গঠিত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী র‌্যাব তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

সূত্র জনায়, এএসপি আশরাফুল ইসলাম, তার বডিগার্ড সিপাহী মোহাম্মদ মানিক (বিডিআর) ও গাড়ির চালক পুলিশ কন্সটেবল নাজমুল হককে তাদের পূর্ববর্তী সংস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে র‌্যাবের নীতিমালা অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে।

তদন্ত কমিটি শনিবার রাতে র‌্যাবের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরে তদন্ত কমিটির প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে র‌্যাব হেডকোয়ার্টার এ সিদ্ধান্ত নেয়।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, এএসপি আশরাফুল ইসলামের নেতৃত্বে ১৩ জন র‌্যাব সদস্য ১৫ জুলাই উত্তরার হারনেস লেভেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা আবু বকর সুলতান ওরফে বিতানের ওপর নির্যাতন চালায়।

পুলিশ, বিডিআর, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে র‌্যাবে যোগ দেওয়া ওই ১৩ সদস্যের তিন জন সরাসরি ঘটনার সাথে জড়িত ছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তাদের আগের সংস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

র‌্যাবের চিফ ডিআইজি আব্দুল আজিজ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি একথা স্বীকার করে বলেন, বর্তমান নীতিমালা অনুযায়ী আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মাসুক বিডিনিউজকে বলেন, তিন জনকে আগের সংস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে বাকি ১০ জনকে সতর্ক করে দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান এডিআইজি মোখলেছুর রহমান বলেন, তারা খুবই কম সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত করেছেন।

তিনি বলেন, যদিও আমরা জানতে পেরেছি, নির্যাতনের শিকার সুলতান এএসপি আশরাফুলকে আঘাত করেছিল, তারপরও আমরা সেটি আমলে নিইনি।

বিতানকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি র‌্যাব সদস্যদের দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের সুপারিশ করলেও র‌্যাবের নীতিমালা না থাকার কারণে কর্তৃপক্ষ তা নিতে পারেনি।

অতীতেও বিভিন্ন অপরাধের দায়ে ১০৭ জন র‌্যাব সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাদের কাউকেই সরাসরি শাস্তি দেওয়া হয়নি বলে জানান র‌্যাবের এক শীর্ষ কর্মকতা।

তিনি বলেন, বিভিন্ন ধরনের শাস্তির সুপারিশসহ তাদের পূর্ববর্তী সংস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে র‌্যাবের নির্যাতনে বিতান গুরুতর আহত হওয়ার ঘটনা তদন্তের জন্যে উত্তরা থানা পুলিশ আদালতের অনুমতি চেয়েছে।

এদিকে, বিতানের বোন এবং র‌্যাব-১ উত্তরা থানায় পৃথক দু’টি জিডি করে।

আদালতের আদেশ ছাড়া তিনি এ ঘটনার তদন্ত করতে পারেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা উত্তরা থানার সাব ইন্সপেক্টর (এসআই) আবু সাঈদ।