কুষ্টিয়ায় ২০০৩ থেকে ৬০ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত, মৃত ১৫৯
কুষ্টিয়ায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
গত আড়াই বছরে ৬০ হাজার ৭শ‘ ১২টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছে ১শ‘ ৫৯টি শিশু।
কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এক পরিসংখ্যানে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ১৩ হাজার তিনশ‘ ৪৩ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২১ জন শিশুর মৃত্যু হয়েছে।
২০০৪ সালে এ রোগে মারা যায় ৫২ জন। এ বছর আক্রান্ত হয়েছিল ২১ হাজার সাতশ‘ দুইজন এবং ২০০৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ছয়শ‘ ৬৩ জন। এ বছর শিশু মৃত্যুর সংখ্যা ৮৬।
তবে বিগত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যা তুলনামূলক কমে গেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়।
শিশু বিশেষজ্ঞরা জানান, নিউমোনিয়া সাধারণত তিন ধরনের হয়ে থাকে। খুব মারাত্মক, মারাত্মক ও সাধারণ নিউমোনিয়া।
চলতি বছরে শুণ্য থেকে ১১ মাস বয়সী প্রায় ১২শ‘টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা যাওয়া ২১ জনের সকলের বয়সসীমা শুণ্য থেকে ১১ মাস।
অপরদিকে, এক থেকে চার বছর বয়সী প্রায় ছয়শ‘ নয়টি শিশু একই সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার খালেকুজ্জামান বিডিনিউজকে জানান, অতিরিক্ত ঠান্ডা, আর্দ্র আবহাওয়া, অপুষ্টি এবং অতিরিক্ত গরমে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে।
অপর এক শিশু বিশেষজ্ঞ জানান, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী যেসব শিশুর মৃত্যু হয়, তার শতকরা প্রায় ১৭ ভাগ থেকে ২৫ ভাগ শিশুর মৃত্যুর কারণ মারাত্মক শ্বাসতন্ত্রের সংক্রামণ। ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা অন্য কোন জীবাণু দ্বারা যখন ফুসফুস সংক্রমিত হয়, তখন তাকে নিউমোনিয়া বলে।
এদেশে শিশু মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে নিউমোনিয়া অন্যতম।
