২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা না থাকায় দোষী সদস্যদের শাস্তি দিতে পারছে না র‌্যাব

উত্তরায় ১৫ জুলাই বেসরকারি একটি কোম্পানির এক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিটি অপরাধী র‌্যাব সদস্যদের কঠোর শাস্তি প্রদানের সুপারিশ করলেও এ সংক্রান্ত নীতিমালা না থাকার কারণে র‌্যাব তা নিতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা জনান, অতীতের মতোই তাদের যেকোনও শাস্তির ব্যাপারে তারা পুলিশ, বিডিআর, আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর যে সংস্থা থেকে এসেছে তাদের কাছে সুপারিশ করা হবে।

র‌্যাবের প্রধান কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, তদন্ত কমিটি যে ১৮ র‌্যাব সদস্যেকে দোষী সাব্যস্ত করেছে র‌্যাব থেকে তাদেরকে নিজ নিজ সংস্থায় ফিরিয়ে দেয়ার কথা ভাবছে।

অতীতেও বিভিন্ন অপরাধের দায়ে ১০৭ র‌্যাব সদস্যকে শাস্তি দেয়া হয়েছে। তবে তাদের কাউকেই সরাসরি শাস্তি দেয়া হয়নি বলে জানান র‌্যাবের এক শীর্ষ কর্মকতা। তিনি বলেন, বিভিন্ন ধরণের শাস্তির সুপারিশসহ তাদেরকে পূর্ববর্তী সংস্থায় ফিরিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত র‌্যাব কর্তৃপক্ষ অভিযুক্ত সদস্যদের কঠোর শাস্তি প্রদান করতে পারবে না।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আব্দুল আজিজ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে তারা এখনও নীতিমালা হাতে পাননি।

তিনি বিডিনিউজকে বলেন, র‌্যাবের নীতিমালার এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিমালার খসড়া তৈরি করেছে এবং এখন এটি আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।

এদিকে র‌্যাবের নির্যাতনে বেসরকারি কোম্পানির কর্মকর্তা আবু বকর সুলতান গুরুতর আহত হওয়ার ঘটনা তদন্তের জন্য উত্তরা থানা পুলিশ আদালতের অনুমতি চেয়েছে।

নির্যাতনের শিকার বেসরকারি কোম্পানির ওই কর্মকর্তার বোন এবং র‌্যাব-১ উত্তরা থানায় পৃথক দু’টি জিডি করে।

আদালতের আদেশ ছাড়া তিনি এ ঘটনার তদন্ত করতে পারেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা উত্তরা থানার সাব ইন্সপেক্টর (এসআই) আবু সাঈদ।

তিনি বিডিনিউজকে বলেন, আমরা এ ব্যাপারে চার দিন আগে আদালতের কাছে আবেদন জানিয়েছি।

তবে অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনা তদন্তের জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (সাউথ) ডেপুটি কমিশনার ওবায়দুল হক বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্ত করার জন্য আদালতের আদেশ দরকার আছে।