২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানায় শুরু হচ্ছে ‘এনিমেল টক শো’

ঢাকা চিড়িয়াখানার পশু পাখি সম্পর্কে শিশু কিশোরদের আগ্রহী করতে শিগগিরই সেখানে চালু করা হচ্ছে ‘এনিমেল টক শো’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজনীন মণি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান এ বিষয়ে বিডিনিউজকে বলেন, আধুনিক দেশে অনেক আগেই এ ধরণের টক শো চালু করে শিশু কিশোর দর্শণার্থীদের প্রাণী, পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে সচেতন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, আর এ বিষয়ে সুফল পাওয়া যাচ্ছে অভাবনীয়।

চিড়িয়াখানার পশু চিকিৎসক ডা. সেলিম ইকবাল লন্ডন থেকে এনিমেল টক শো’র ব্যাপারে নিয়ে এসেছেন বিশেষ প্রশিক্ষণ। বিডিনিউজকে তিনি জানান, তারা প্রস্তুতি নিচ্ছেন আগামী আগস্ট মাস থেকেই ওই টক শো শুরুর করার।

খোঁজ নিয়ে জানা যায়, এনিমেল টক শো’র অংশ হিসেবে চিড়িয়াখানার প্রশিক্ষিত কর্মকর্তারা কোনো একটি প্রাণীর শেডের সামনে ওই প্রাণী সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করবেন। তারা দর্শনার্থীদের কৌতুহল মেটাতে ওই প্রাণী সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন।

এছাড়া পরিবেশের জন্য পশু-পাখির প্রয়োজনীয়তা সম্পর্কে শিশুদের স্বচ্ছ ধারণা দেওয়ার লক্ষ্যে অভিনয়ের মাধ্যমে দেখানো হবে কিভাবে উজাড় হচ্ছে বন জঙ্গল। চোরা শিকারীদের খপ্পড়ে পরে কিভাবে মারা পড়ছে প্রাণীকুল। কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে দুর্লভ প্রাণীজ সম্পদ।

এরফলে পরিবেশে ও প্রতিবেশের ওপর কি নেতিবাচক প্রভাব পড়ছে এবং কিভাবে রক্ষা করা যায় বিপন্ন প্রাণীকূলকে এনিমেল টক শো’তে তা ও দেখানো হবে।

এনিমেল টক শো চালু করার জন্য এরইমধ্যে লন্ডন থেকে সাউন্ড সিস্টেম, স্পিকারসহ নানান যন্ত্রপাতি আনা হয়েছে।

এদিকে ভিন্ন একটি সুত্র জানায়, পশু পাখি সম্পর্কে গবেষণার জন্য চিড়িয়াখানার ভেতরে শিগগিরই খোলা হচ্ছে ‘জু এডুকেশন’ নামের একটি বিশেষ সেল। সেটিকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তর করার বিষয়ে একটি প্রস্তাবনা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।