যুবদল নেতার শাস্তি ক্ষমার ফাইল দেখাতে আইন মন্ত্রণালয়ের অস্বীকৃতি
দণ্ডাদেশপ্রাপ্ত যুবদল নেতার শাস্তি ক্ষমার জন্য রাষ্ট্রপতি কাছে পাঠানো আইন মন্ত্রণালয়ের ফাইল বৃহস্পতিবার জাতীয় সংসদের আইন বিষয়ক স্থায়ী কমিটি’র বৈঠকে দেখানো হয়নি।
বৈঠকে মন্ত্রনালয়ের ক্যামেরা সভায় সুপারিশকৃত নথি ‘ক্লাসিফাইড’ হিসেবে উল্লেখ করে তা দেখাতে আইন মন্ত্রণালয় অস্বীকৃতি জানায়।
আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তার মন্ত্রণালয় শুধু একটি চিঠি দিয়েছে যে, রাষ্ট্রপতি চাইলে সংবিধানের ৪৯ ধারা অনুসারে মহিউদ্দিন জয়ন্তকে ক্ষমা করতে পারেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিনজনের মধ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তা উল্লেখ না করে তিনি আরও জানান, অর্থের বিনিময়ে শাস্তি মওকুফ এর বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চেয়েছে।
দূর্ধর্ষ গলাকাটা কামাল ও অপর আরেক জনের এই মামলায় শাস্তি হয়েছে। কিন্তু মামলার অপর আসামী যুবদল নেতা জয়ন্ত দীর্ঘ ২২ বছর সুইডেনে থাকার পর এবছর দেশে ফিরে তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে।
সভায় অংশ নেয়া আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত জানান, শুধুমাত্র দলীয় সম্পৃক্ততার কারণে যুবদল নেতার মৃত্যুদণ্ডাদেশ ক্ষমা করার সিদ্ধান্ত হবে সংবিধান ও মানবাধিকার লংঘনের শামিল।
তিনি আরও বলেন, এই অপরাধের জন্য প্রধানমন্ত্রী দায়ি থাকবে। কেননা সংবিধানের ৪৮ ধারামতে শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সবকিছু করতে বাধ্য ।
জাতীয় সংসদের আইন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন হারুন আল রাশিদ, বিচারপতি মোজাম্মেল হক এবং ব্যারিস্টার জিয়াউর রহমান।
