৬-৭ আগষ্ট ঢাকা সফর করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং আগামী ৬-৭ আগষ্ট ঢাকা সফর করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের নিমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকা আসছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে বৃহষ্পতিবার বিডিনিউজকে জানানো হয়, সফরকালে দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যু আলোচনায় স্থান পাবে।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় বসার পর ভারতীয় কোনও মন্ত্রীর এটিই হতে যাচ্ছে প্রথম ঢাকা সফর।
সূত্র জানায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠককালে দ্বি-পাক্ষিক সকল বিষয় নিয়ে আলোচনা হবে। কংগ্রেস সরকার গঠনের পর পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান ইতোমধ্যে দুবার দিল্লি সফর করার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর এ সফর ওভার ডিউ হয়ে গেছে বলে সূত্র উল্লেখ করে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী সদস্য পদে প্রার্থীতার বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।
নটবর সিংয়ের পর সেপ্টেম্বরে ভারতীয় বাণিজ্যমন্ত্রী কমল নাথ এবং অক্টোবরে পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সির ঢাকা সফরের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন প্রতিবেশী ভারতের সাথে আলাপকালে বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে চলতে বাংলাদেশ ও ভারতকে আরও অন্তরঙ্গতার সাথে একযোগে কাজ করতে হবে।
ভারতীয় মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে সম্প্রতি বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ভারত সফর করেছেন।
