সৌদি আরবে নিহত বাংলাদেশীদের বাড়িতে হাহাকার
সৌদি আরবের তায়েফে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশীদের লাশ যার যার বাড়িতে পৌঁছার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডিনিউজ নড়াইল প্রতিনিধি জানান, সৌদি আরবে নিহত সাত বাংলাদেশীর একজন নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের রফিকুল ইসলাম। এলাকায় তার লাশ পৌঁছলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পুত্রশোকে পাগল রফিকুলের মা বার বার মূচ্ছ্র্ াযাচ্ছিলেন। শেষবারের মতো লাশ দেখতে এলাকার মানুষ রফিকুলদের বাড়িতে ছুটে আসে। খাসিয়াল গ্রামের জাহিদ শিকদারের পাঁচ সন্তানের মধ্যে রফিকুল ছিল সবার বড়।
তিন বছর আগে কয়েক বিঘা জমি বিক্রয় ও বন্ধকের মাধ্যমে এক লাখ ৮০ হাজার টাকা যোগাড় করে রফিকুলকে সৌদি আরব পাঠানো হয়। বন্ধকের ধার দেনা-শোধ হওয়ার আগেই তার মৃত্যুতে পরিবারের স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই থেকে গেল।
রফিকুলের মৃত্যুশোকের পাশাপাশি আর্থিক দুশ্চিন্তাও পরিবারটিকে সীমাহীন অসহায়ত্বের মধ্যে ঠেলে দিয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সৌদি দুর্ঘটনার শিকার অপর বাংলাদেশী আব্দুর রবের লাশ বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রামের বাড়ি ইছাপুরে পৌঁছলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
রবের বাবা ছেলের লাশ দেখে বাকহারা হয়ে যান। নিহতের ছয় বছরের শিশুসন্তান হোসেন এবং দেড় বছরের আরাফাত ফ্যালফ্যাল করে বাবার মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। তাদের এখনও বোঝার বয়স হয়নি, তাদের বাবা আর কোনওদিন তাদের কোলে তুলে নেবে না।
রবের স্ত্রী খতিজা বেগম বার বার মূর্চ্ছা যাচ্ছিলেন। দেড়বছর আগে জমিজমা বিক্রি করে এবং বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে রব সৌদি আরব পাড়ি জমায় বলে রবের বাবা অজিউল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন।
রাত আটটার দিকে স্থানীয় ঈদগাহ ময়দানে জানাযা নামাজা শেষে পারিবারিক গোরস্থানে রবকে দাফন করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পিতা-মাতা, পিত্তথলিতে পাথরে আক্রান্ত স্ত্রী এবং অবুঝ দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
