২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা ও হুমকি দেয়ার অভিযোগে ৪ পুলিশ গ্রেফতার ও বরখাস্ত

রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে বুধবার রাতে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার দায়ে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করে পরে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এরা হচ্ছে কোতোয়ালী থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এসএআই) খলিলুল্লাহ (৩০) এবং রাজারবাগ পুলিশ লাইনের নায়েক আবুদল বারী (৩০) কনস্টেবল সামসুজ্জামান (২৮) ও কোরবান আলী (৩২)। এদের প্রত্যেককে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সূত্র জানায়, অভিযুক্ত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালনকালে তাঁতীবাজার এলাকার ব্যবসায়ী সোহেল রানা শ্যামল ও হাবিবুল ইসলামমের কাছ থেকে বুধবার বিকেলে এক লাখ ৬০ হাজার টাকার তেরো কেজি রুপোর অলঙ্কার জব্দ করে।

সূত্র জানায়, এগুলো ফেরত দেয়ার শর্ত হিসেবে ওই দুই ব্যবসায়ীর কাছে তারা ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। পরে ২৮ হাজার টাকা ঘুষ নিয়ে তারা অংলকার গুলো ফেরত না দিয়ে তা হারিয়ে গেছে বলে ব্যবসায়ীদের জানায়।

বিষয়টি ব্যবসায়ীরা কোতয়ালী থানায় জানায় এবং একটি মামলা দায়ের করে।

মামলা দায়েরর পরপরই কোতয়ালী পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং গোয়েন্দা পুলিশ তাদের কাস্টডিতে নেয়।

সূত্র জানায়, পুলিশ সদস্যরা ওই ব্যবসায়ীদের বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয় এই বলে যে ঘটনা জানাজানি হলে তাদের অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়া হবে।

গোয়েন্দা পুলিশ জানায়, তারা এএসআই খলিলুল্লাহ’র কাছ থেকে ২৫ হাজার একশ’ টাকা উদ্ধার করেছে তবে অলঙ্কারগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।