২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আটক জঙ্গিরা কোনও তথ্য দেয়নি, যৌথ সেলে জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকায় আনা হচ্ছে

রাজশাহীর পবা থানায় গ্রেফতারকৃত ১১ জঙ্গিকে ডিআইজি, পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশসহ মোট চারটি গ্র“পের পৃথক জিজ্ঞাসাবাদে কোন তথ্যই বের হয়নি। তবে গ্রেফতারকৃতরা যে জঙ্গি সংগঠনের সাথে জড়িত, তা পুলিশ নিশ্চিত হয়েছে। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে জঙ্গিদের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্যে বুধবার রাতেই ঢাকায় নেওয়া হবে।

পুলিশের একটি সূত্র জানায়, ডিআইজি বাহারুল আলম, পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মাহমুদসহ ডিবি পুলিশের পৃথক চারটি টিম জঙ্গিদের প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে জঙ্গিরা বাংলা ভাই, ড. গালিব, জেএমজেবি নাকি অন্য কোন জঙ্গি দলের সঙ্গে যুক্ত, তার কোন তথ্য দেয়নি।

জিজ্ঞাসাবাদে একজনের দেওয়া তথ্যের সঙ্গে অন্যজনের তথ্যের কোনও মিল পাওয়া যায়নি। তবে গোয়েন্দা সূত্র ধারণা করছে, জঙ্গিরা ড. গালিব ও বাংলা ভাই বাহিনী বা জেএমজেবির সক্রিয় কর্মী।