সৌদি থেকে ৭০০ বাংলাদেশী দেশে ফেরত, বলিভিয়ায় আটক ২৭ জন
সৌদি আরব থেকে প্রায় ৭০০ জন ভাগ্যহত বাংলাদেশী বুধবার শুন্য হাতে দেশে ফিরেছে। একই দিনে ঢাকায় খবর এসেছে বলিভিয়ার পুলিশ সান্টাক্রুজে ২৭ বাংলাদেশীকে আটক করেছে। অবৈধভাবে ল্যাটিন আমেরিকার দেশটিতে প্রবেশ করে গ্রেফতার হয় তারা।
তবে এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা কোন তথ্য জানাতে পারেন নি।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিষয়টিকে ‘গুরুতর সমস্যা’ বলে উল্লেখ করে বলেছেন বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে। তিনি বলেন, এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন প্রয়োজন, যাতে সহজ সরল মানুষগুলোকে প্রতারক আদম ব্যবসায়ী চক্রের ফাঁদে পড়ে এমন পরিনতি ভোগ করতে না হয়।
সৌদি আরব থেকে ৭০০ বাংলাদেশী দেশে ফেরত আসার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সে দেশে অবৈধভাবে বসবাসের দায়ে সৌদি সরকার এসব বাংলাদেশীকে ফেরত পাঠায়।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজকে জানান, সৌদি আরবের সরকার নিজ খরচে সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে যাত্রীদের দেশে পাঠায়। সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় পৌঁছে তারা।
তিনি জানান, সৌদি সরকারের দেওয়া তালিকা অনুযায়ী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফিরে আসা বাংলাদেশীদের বিমানবন্দরে গ্রহণ করে।
তিনি আরো জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেওয়া ওই ৭০০ জন বাংলাদেশেীর ভাষ্যমতে, এদের বেশীর ভাগই বিভিন্ন সময় ওমরাহ হজ্ব আদায়ের নামে সে দেশে যান। পরে তারা সৌদি সরকারকে লুকিয়ে বিভিন্ন এলাকায় ছোটখাট কাজ করে তিন থেকে চার বছর সেদেশে বসবাস করেন।
ওসি আমিন জানান, সৌদি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ফিরে আসা ৭০০ জনের মধ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে কেউ কেউ আবার বিভিন্ন মেয়াদে সৌদি আরবে কারা ভোগ করেন। তবে দেশে ফেরতরা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেওয়া ভাষ্যে এ তথ্য স্বীকার করেন নি।
বিমানবন্দরের নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ফিরে আসা বাংলাদেশীদের অধিকাংশই নিুবিত্ত যুবক। ভাগ্য ফেরাতে ওই দেশে পাড়ি দিলেও সর্বস্ব খুইয়ে এখন তারা দেশে ফিরতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, জিয়া বিমানবন্দরে নেমে যুবকদের অনেককেই কাঁদতে দেখা যায়। তাদের অবস্থা এমনই করুণ যে, অনেকের কাছে গ্রামে ফিরে যাওয়ার বাসভাড়াও নেই।
এদিকে, বলিভিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লা পেজের প্রসিকিউটর জেইমি সোলিজ জানান, পুলিশ মঙ্গলবার সকালে বলিভিয়ার ছয়টি জায়গায় অভিযান চালিয়ে ওই বাংলাদেশীদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে নেয়া হয়েছে।
বলিভিয়ার আইনজীবী সোলিজ বলেন, তারা (বাংলাদেশী) অবৈধ পন্থায় বলিভিয়ায় ঢুকেছে। এ ব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু জানাতে পারেননি।
যেসব সংগঠন বলিভিয়ায় বাংলাদেশী মানুষদের পাচার করছে, সেসব সংগঠনকে খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সোলিজ বলেন, বলিভিয়ার প্রসিকিউটর অফিস আটক বাংলাদেশীদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করে ৪৮ ঘন্টা আটকে রাখতে পারে। সোলিজ আরও বলেন, তাদেরকে বলিভিয়া থেকে বহিস্কার করা হবে।
তবে এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটাই নিশ্চুপ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়য়ে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় উইং-এর মহা মপিচালকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তার একজন ব্যক্তিগত স্টাফ ফোন ধরেন এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি ফোনে জানান মহাপরিচালক অফিসে উপস্থিত নেই।
বিকেলে একদল সাংবাদিক বিষয়টিতে কথা বলতে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে স্বাক্ষাৎ করলে তিনি বলেন, “বিষয়টিতে আমরা বিরক্ত”। আমাদের জনগণের সরলতাকে পূঁজি করে কতিপয় প্রতারক আদম ব্যবসায়ী তাদের এভাবে বঞ্চিত করছে। তবে বিষয়টির আশু সমাধান করা হবে।
মোরশেদ খান বলেন, এটি একটি গুরুতর সমস্যা, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে কেউ যদি অবৈধ পথে বিদেশের উদ্দেশে পাড়ি জমায় তাহলে তার দায়িত্ব আমরা কেন নেব? প্রশ্ন করেন পররাষ্ট্র মন্ত্রী।
তিনি বলেন এ ব্যাপারে একটি সুর্নিষ্ট নীতিমালা প্রণয়ন প্রয়োজন। মন্ত্রী জানান বিষয়টিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদ কমিটি ১৫ দিনের মধ্যে বৈঠকে বসবে। সচিব পর্যায়ের আন্ত-মন্ত্রণালয় কমিটি, পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন যার প্রধান, ওই বৈঠকে এ সমস্যা মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ তুলে ধরে সুপারিশমালা উপস্থাপন করবেন।
মন্ত্রী বলেন, আমরা বিষয়টি আশু সমাধান চাই, যাতে আমাদের মানুষগুলো এ ধরনের পরিস্থিতিতে আর পড়তে না হয়।
মন্ত্রী বিরক্তির স্বরে বলেন, এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পরে বিদেশে গিয়ে ধরা পড়া এমন অনেক বাংলাদেশীকে দেশে ফেরত আনতে আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। কিন্তু এ ধারা চলছেই। তাদের জন্য আমাদের পুরো বাজেট শেষ করতে হবে।
গত কয়েকমাসে বেশকিছু সংখ্যক ভাগ্যান্বেষী বাংলাদেশী নাগরিক বিদেশের মাটিতে ধরা পড়ে বিভিন্ন দেশের কারাগারে মানবেতর জীবন যাপন করছে। অনেকেই কপর্দকশুণ্য হয়ে দেশে ফিরে এসেছে।
গত ফেব্র“য়ারিতে ভুমধ্যসাগরের গভীর সমুদ্রে ১১ ভাগ্যাহত বাংলাদেশী অনাহারে প্রাণ হারায়। নৌকাযোগে স্পেনে পাড়ি জমানোর ইচ্ছায় বাংলাদেশী যুবকরা গভীর সমুদ্রে পথ হারিয়ে এ করুণ পরিনতি বরণ করেছিলো।
