কুমিল্লা সরকারি কলেজে সন্ত্রাসীদের হামলা : প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যাপক ভাংচুর
ছাত্র নামধারী বহিরাগত সন্ত্রাসীরা বুধবার কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে ঢুকে প্রধানমন্ত্রীর ছবিসহ চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করেছে।
সূত্র জানায়, গত কয়েকদিন যাবত আমজাদ হোসেন সুমন ওরফে বোমা সুমন, কাজী বেলাল হোসেন ও ফারুকের নেতৃত্বে কলেজে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছিল। এ ব্যাপারে তাদের সাথে আলাপকালে জানা যায়, বৈধভাবে ট্রান্সফার সার্টিফিকেট চাইলে অধ্যক্ষ গড়িমসি করছিল। ভাংচুরের বিষয়ে তারা বলেন, আমাদের নেত্রীর ছবি আমরা ভাঙ্গবো কেন ?
ঘটনা সম্পর্কে কলেজের অধ্যক্ষ জানান, একই শহরে এক কলেজ থেকে অন্য কলেজে যাবার কোন সরকারি বিধান নেই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের ছাত্র ছাত্রীরা জানায়, ফেনীর বর্তমান সাংসদ ভিপি জয়নালের নিকটাত্মীয় বোমা সুমনের নেতৃত্বে সন্ত্রাসীরা কলেজে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ ব্যাপক ক্ষতিসাধন করে এবং অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসীদের হামলায় প্রায় অর্ধ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
