পেটেন্ট রেজিষ্ট্রেশনের জন্য অনলাইন ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম চালুর পরিকল্পনা
পেটেন্ট রেজিষ্টেশন সহজতর করার জন্য সরকার অনলাইন ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম চালুর পরিকল্পনা করছে। এর ফলে দেশে এবং বাইরে অবস্থানকারী যে কেউ খুব সহজেই পেটেন্ট রেজিস্ট্রেশনের জন্য এমনকি বাড়িতে বসেও আবেদন করতে পারবে।
এছাড়াও দেশের ডিজাইন এন্ড পেটেন্ট বিভাগকে আরো গতিশীল এবং আধুনিক করতে সরকার ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন-এর অর্থায়নে দু’টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
একই সময়ে ইউরোপীয় কমিশন ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক ৫ বছর মেয়াদী একটি প্রকল্পে ১৫ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা প্রদান করবে।
দেশের বেশিরভাগ জনগণ বুদ্ধিবৃত্তিক সম্পদ (আইপি) সিস্টেম সম্পর্কে সচেতন নয় বলে, এমনকি অনেকেরই এ বিষয়ে তেমন কোন জ্ঞান না থাকায় এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী।
বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার রক্ষায় আয়োজিত দু’দিনব্যাপী এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শিল্পমন্ত্রী বলেন, বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষায় দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি এবং বেসরকারি-উভয় পর্যায়ে অ্যাটর্নি, অর্থনীতিবিদ, প্রশাসক, শিক্ষাবিদ এবং এনজিওসমূহের ব্যাপক পরিকল্পনা নেওয়া প্রয়োজন ।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং আমেরিকান চেম্বারের সহায়তায় হোটেল শেরাটনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ চামাস বলেন, ট্রেডমার্ক, পেটেন্ট এবং কপিরাইট বাংলাদেশে একটি বড় সমস্যা । কেবল বিদেশী বিভিন্ন কোম্পানিকেই এ সমস্যায় পড়তে হয় তা নয়, বরং অনেক সময় বাংলাদেশের অনেক ব্যবসায়ীদেরও এ সমস্যায় পড়তে হয়।
বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে শক্তিশালী একটি সত্ত্বাধিকার নীতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, অ্যামচ্যাম প্রেেিসডেন্ট আফতাব উল ইসলাম, মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের অ্যাটর্নি-অ্যাডভাইজার টিমোথি ব্রাউনিং, নিউ হ্যাম্পশায়ার স্কুল অব ল’র অধ্যাপক উইলিয়াম হেনেসি এবং গায়িকা রুনা লায়লা সম্মেলনে উপস্তিত ছিলেন।
