সৌদি আরবে নিহত সাত বাংলাদেশীর লাশ দেশে এসেছে
সৌদি আরবের তায়েফে সোফা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত সাত বাংলাদেশী শ্রমিকের লাশ বুধবার সকালে দেশে আনা হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান ব্যুরোর উদ্যোগে নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হয়।
সৌদি এয়ারলাইন্সের একটি বিমান লাশগুলো নিয়ে সকাল ৯টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে প্রায় আধা ঘন্টা সময় লাগে।
মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং ব্যুরোর কর্মকর্তা মোস্তাফিজ হোসেন লাশগুলো গ্রহণ করেন। পরে লাশগুলো নিহতদের পরিবারের হস্তান্তর করা হয়।
সচিব আবুল কালাম শামসুদ্দিন বিডিনিউজকে জানান, সৌদি কর্তৃপক্ষ প্রতি নিহতর জন্য প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে ৪০ হাজার টাকা এবং দাফনের জন্য ২০ হাজার টাকা করে দিয়েছে। তবে মামলা শেষে ক্ষতিপূরণের পুরো টাকা পেতে তিনমাস লাগতে পারে।
তিনি জানান, নিহত শ্রমিকদের প্রতিটি পরিবার প্রায় এক লাখ টাকা সমমানের সৌদি রিয়াল ক্ষতিপূরণ পাবে। ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরো জানান, অগ্নিদগ্ধ হয়ে ৭ জন বাংলাদেশী শ্রমিকের মৃত্যুর পর সেখানে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে।
গত ৯ জুলাই সৌদি আরবের তায়েফ নগরীর একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে কর্মরত অবস্থায় সাত বাংলাদেশী শ্রমিক নিহত হয়।
