জনকণ্ঠ কার্যালয় পরিদর্শনে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাস জনকন্ঠসহ দুটি পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার জনকন্ঠ ভবনে সম্পাদক আতিতকুল্লাহ খান মাসুদ এবং শীর্ষস্থানীয় সাংবাদিক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেন।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে বিরোধী দলের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দায়িত্ব দেশের প্রশাসনের। আমরা শুধু চাই সকলের জন্যে সমান সুযোগ যেন নিশ্চিত হয়। সেক্ষেত্রে আমরা সব ধরণের সহায়তা দিতে রাজি আছি।
বিরোধ মেটাতে সরকারি ও বিরোধী দলের মধ্যে সংলাপের উপর তিনি গুরুত্বারোপ করে চামাস বলেন, জাতীয় সংসদে হোক আর সংসদের বাইরে হোক, সংলাপে বসাই বড় কথা।
গণতন্ত্রের জন্যে বস্তুনিষ্ট খবরের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশের সংবাদপত্র যে অবদান রাখছে, তাকে যুক্তরাষ্ট্র যথেষ্ট মূল্য দেয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আজ আর গোপন নয় যে, সাংবাদিকতা এখানে খুব বিপদজ্জনক পেশা।
জুডিথ চামাসের সঙ্গে ঘন্টাব্যাপি আলোচনায় জনকন্ঠের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক নাজমুল হাসান, নির্বাহী সম্পাদক বোরহান আহমদ, বার্তা সম্পাদক কামরুল ইসলাম খান প্রমুখ। ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন আমেরিকান সেন্টারের তথ্য কর্মকর্তা ডানা ব্রেনান, আহমদ আলী, মাহবুবুল আলম প্রমুখ।
