শাবি’র ছাত্র লিটন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন শিক্ষকরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকবৃন্দ ছাত্রদল নেতা লিটন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে করার দাবি জানিয়েছেন।
শাবি’র শিক্ষক সমিতি’র সভাপতি ড. হাবিবুল আহসানের সভাপতিত্বে মঙ্গলবার ক্যাম্পাসে শিক্ষকদের এক জরুরি সভায় এই দাবি জানান হয়। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের সাত দিনের মধ্যে দোষীদের শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষকগণ দাবী জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিও জানান তারা।
সভায় লিটনের মর্মান্তিক হত্যাকান্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।
এদিকে লিটনের খুনিদের কেউ গ্রেফতার না হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি অভিযুক্ত ২০ জনকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে।
