২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর পৌরবাসী ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত

মাদারীপুর পৌরবাসী ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসব সমস্যার মধ্যে রয়েছে-পানি, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন, ময়লাগাড়ি, গণশৌচাগার, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ব্যবহার অনুপযোগী রাস্তাঘাট। দিন দিন এ সমস্যাগুলো প্রকট আকার ধারণ করছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

খোঁজ নিয়ে জানা যায়, পৌর এলাকায় যথেষ্ট পরিমাণ গভীর নলকূপ না থাকায় পানীয় জলের সংকট লেগেই আছে। চাহিদার তুলনায় ২৫ ভাগ পানি থেকেও বঞ্চিত হচ্ছে পৌরবাসী। ছয়টি সরবরাহ কেন্দ্র থেকে যে পানি সরবরাহ করা হয় তা-ও পানের অনুপযোগী।

পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা এতটাই নাজুক যে, সামান্য বৃষ্টি হলেই শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রয়োজনের তুলনায় ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত কম। সম্পূর্ণ পৌর এলাকায় চার-পাঁচটি ড্রেন রয়েছে। এছাড়া অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে শহরের পানি নিষ্কাশনের প্রধান তিনটি খাল ভরাট হয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ ইচ্ছামাফিক খালগুলো লিজ দেওয়ায় এসব জায়গায় গড়ে উঠছে কাঁচা-পাকা স্থাপনা। এর ফলে শহরের জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে।

মাদারীপুর পৌর এলাকার সড়কগুলোর অধিকাংশ লাইট পোস্টে লাইট না থাকায় সন্ধ্যার পর নেমে আসে ভূতুড়ে অন্ধকার। ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব রাস্তায় মাঝে মধ্যেই ছিনতাই হয়ে থাকে।

এদিকে, অপ্রতুল ডাস্টবিন ও ময়লাগাড়ি না থাকায় পৌরবাসী দুর্ভোগের শিকার হচ্ছে। যথাসময়ে ডাস্টবিনগুলো পরিষ্কার করা হচ্ছে না। শহরের অপসারিত ময়লা ফেলার কোনও জায়গা নেই। ফলে বিভিন্ন স্থানে ময়লা ফেলার কারণে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ মারাত্মক দূষণের শিকার হচ্ছে।

খোঁজ নিয়ে আরও দেখা যায়, পৌরসভার লক্ষাধিক অধিবাসীর জন্য কোনও গণশৌচাগার নেই। পৌর কর্তৃপক্ষের কোনও নিয়ন্ত্রণ না থাকায় ভিআইপি মার্কেট, ইটেরপুল বাজার, পুরান বাজার, কুলপদ্বী বাজার, চরমুগরিয়া বন্দর বাজারে যত্রতত্র গরু-ছাগল জবাই করা হচ্ছে। এসব পশুর উচ্ছিষ্ট ও বর্জ্য শহরের খোলা স্থানে ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীসহ আশপাশের লোকজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

মাদারীপুর পৌরসভার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে রাস্তাঘাট। বন্যা পরবর্তী সময় মাদারীপুর পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার না হওয়ায় এসব রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান নুরুল আলম বাবু চৌধুরী বিডিনিউজকে বলেন, সড়কগুলো মেরামত করার জন্য চার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে টেন্ডার আহ্বানের কাজও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে রাস্তার সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।