বেসরকারী কর্মকর্তা নির্যাতন তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে র্যাব
বেসরকারি কোম্পানির এক কর্মকর্তাকে শুক্রবার র্যাব-এর একজন এএসপির নির্যাতনের ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে র্যাব সদর দফতর।
এদিকে, ঘটনার তিনদিন পরও উত্তরা থানা পুলিশ নির্যাতিত ব্যক্তি এবং র্যাব’র দায়ের করা পাল্টাপাল্টি সাধারণ ডায়রির তদন্ত এখনও শুরু করেনি।
পুলিশ জানায়, ঘটনা তদন্তের জন্যে তারা আদালত থেকে অনুমতি চেয়েছেন।
র্যাব-এর মহাপরিচালক (ডিজি) আবদুল আজিজ সরকার বিডিনিউজকে জানান, ঘটনা তদন্তে শুক্রবার সন্ধ্যায় চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
ডিজি বলেন, আগামী তিন দিনের মধ্যেই কমিটিকে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব এর পরিচালক (আর্মস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোকলেসুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে।
হারনেস লেভেল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক আবু বকর সুলতানকে র্যাব এর এএসপি আশরাফুল হকসহ কয়েকজন সদস্য জোরপূর্বক র্যাব-১ কার্যালয়ে নিয়ে শুক্রবার রাতে নির্মমভাবে নির্যাতন করে। তারা তার হাতের আঙ্গুল ও পা ভেঙ্গে ফেলে এবং ক্রসফায়ার-এর ভয় দেখায় বলেও অভিযোগ করেন নির্যাতিত ব্যক্তি।
ঘটনা ধামাচাপা দিতে র্যাব নির্যাতিত ব্যক্তির নামে উত্তরা থানায় একটি সাধারণ ডায়রি করে। ডায়রিতে র্যাব বলে, উত্তেজিত জনতার প্রহারে সুলতান আহত হওয়ার পর র্যাব তাকে উদ্ধার করেছে।
নির্যাতিত সুলতানের পরিবার অভিযোগ করে, নিজেদের অপরাধ লুকানোর জন্যে র্যাব তার নামে মিথ্যা জিডি করেছে।
র্যাব’র জিডির পর নির্যাতিত ব্যক্তির বোন খাদিজা রহমান একই থানায় এএসপি আশরাফকে অভিযুক্ত করে পাল্টা জিডি করেন।
নির্যাতিত ব্যক্তির পরিবার জানায়, তারা র্যাব’র দোষী সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের চিন্তা করছেন।
এদিকে, ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত উত্তরা থানার সাব ইন্সপেক্টর আবু সাঈদ বলেন, আদালতের অনুমতি না পাওয়ায় তারা মামলা শুরু করতে পারছেন না। অনুমতি পেলেই তদন্ত শুরু করবেন বলে সাঈদ জানান।
সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আবু বকর সুলতানের অবস্থা এখনও ভালো হয়নি বলে হাসপাতাল সূত্র জানায়।
